২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলোগ্রাউন্ডে ‘ভোটের’ আমেজ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল যুদ্ধাপরাধের বিচার তরান্বিত করার দাবিতে মহাসমাবেশ করলেও ক্ষমতাসীন দলের নেতাদের ‘মাঠ দখলের’ প্রতিযোগিতায় নির্বাচনের দেড় বছর আগেই চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তৈরি হয় ‘ভোটের আমেজ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল যুদ্ধাপরাধের বিচার তরান্বিত করার দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশ করলেও ক্ষমতাসীন দলের নেতাদের ‘মাঠ দখলের’ প্রতিযোগিতায় নির্বাচনের দেড় বছর আগেই পলোগ্রাউন্ডে তৈরি হয় ভোটের আমেজ। এই মহাসমাবেশ সামনে রেখে পলোগ্রাউন্ড মাঠ ও আশেপাশের এলাকা সাজানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন ও ডিজটাল ব্যানর দিয়ে। এর ফাঁকে ফাঁকেই দেখা যায়, রঙিন পোস্টার থেকে হাসিমুখে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। মিছিল নিয়ে সমাবেশে আসার সময় মাথায় করে দলের নির্বাচনী প্রতিক নৌকাও নিয়ে আসতে দেখা যায় কর্মীদের। বুধবার সকাল ১০টা থেকেই মিছিল নিয়ে বা গাড়িতে করে নেতা-কর্মী-সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। আগামী নির্বাচনের জন্য নিজেদের সমর্থন ও প্রস্তুতি দেখাতে নিজেদের সমর্থক জমায়েতের মাধ্যমে মাঠ দখলের প্রতিযোগিতায় নামেন আওয়ামী লীগ নেতারা। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের অনুসারীরা সকালেই অবস্থান নেয় মঞ্চের সামনের দিকে। এরপর আসেন আখতারুজ্জামান চৌধুরী বাবুর সমর্থকরা। আজম নাছির উদ্দিন, এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের অনুসারীরা মিছিল নিয়ে পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে থাকেন একে একে। গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী ও পরাজিত বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদেরও মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে দেখা গেছে। মিছিলে কে বেশি লোক আনতে পারে- সে প্রতিযোগিতাও ছিল তাদের মধ্যে। মিছিলের স্লোগানে শেখ মুজিব, শেখ হাসিনা ও নৌকা শব্দ তিনটির প্রধান্য ছিল লক্ষ্য করার মতো। নগর ও জেলা আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতা নিজের ও শেখ হাসিনার ছবি সম্বলিত টি-শার্ট ও টুপি পরিয়ে কর্মীদের সমাবেশে নিয়ে আসেন। বিতরণ করা হয় খাবার প্যাকেট ও পানি। বেলা ১টা পর্যন্ত প্রচণ্ড গরমে পলোগ্রাউন্ড মাঠের অর্ধেক ফাঁকা থাকলেও শেখ হাসিনার বক্তব্যের আগে আগে পুরো মাঠ পরিণত হয় লোকারণ্যে। নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, “তীব্র গরমের কারণে লোকজন আশেপাশে অবস্থান নিচ্ছে। নেত্রী আসার পর মানুষের ঢল নামে।” মহাসমাবেশে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের বক্তব্যেও আগামী নির্বাচনের কথা আসে বারবার। ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হাছান মাহমুদসহ নেতাদের প্রায় সবাই বলেন- চট্টগ্রামসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতেও শেখ হাসিনা সরকারকেই জনগণের দরকার। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করায় চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জাানন। ২০০৮ সালের ওই নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১২টিতেই বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। আগামীতেও চট্টগ্রামবাসীর সমর্থন চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আপনারা দোয়া করবেন, যেন সেবা করতে পারি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে সম্ভানাময় দেশ হিসেবে গড়ে তুলবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/জেকে/১৯২০ ঘ.