ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ জুনের মধ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যোগ করা না হলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা শুরুর আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি দেন।
বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার চৌরাস্তায় পৌঁছে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিকাল সাড়ে ৫টায় শোভাযাত্রার সম্মুখভাগ যখন মগবাজার মোড়ে পৌঁছায়, তখন শেষ ভাগ ছিল মালিবাগ মোড়ে।
বেলুন উড়িয়ে মির্জা ফখরুল এই শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রায় অগ্রভাগে কেন্দ্রীয় নেতাদের পর ছিল মহিলা দল ও ছাত্রদল। এরপর পর্যায়ক্রমে ছিল বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিএনপির ঢাকার বিভিন্ন ওয়ার্ড শাখার নেতা-কর্মীরা।
ফখরুল বলেন, “দেশে গণতন্ত্র এখন অবরুদ্ধ। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নির্দলীয় সরকার পুনর্বহালের জন্য বর্তমান সরকারকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে দেশনেত্রী দুর্বার আন্দোলন শুরু করবেন। আন্দোলনের মাধ্যমে এই দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।”
শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, আহমেদ আজম খান, আবদুল হালিম, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ।
শোভাযাত্রা শুরুর আগে বিকাল ৩টায়ই কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ভিড়ে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
শোভাযাত্রায় বাদক দলের সঙ্গে ছিল ঘোড়ার গাড়িও। নেতা-কর্মীদের হাতে ছিল নানা রঙের ব্যানার-ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা। অনেকের হাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতিও ছিল।
ফখরুল বলেন, “আজকের শোভাযাত্রায় জনসমুদ্র প্রমাণ করেছে, বিএনপি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার ঘোষকের দল।”
“আমাদের স্বাধীনতা দিবসের শপথ হোক- সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের গণতন্ত্র ও স্বাধীনতা করব,” বলেন তিনি।
সরকারের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, “প্রতিবেশী দেশ কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের সীমান্তশৃঙ্খলিত করে রেখেছে। সীমান্তে প্রতিদিন নাগরিকদের হত্যা করা হচ্ছে। তারপরও সরকার ওই দেশটিকে করিডোরসহ বন্দর সুবিধা দিচ্ছে। বিনিময়ে আমরা কিছুই পাচ্ছি না।”
বক্তব্যের শুরুতে দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ফখরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮২০ ঘ.
bdnews24