চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে চট্টগ্রামে ১৪ দলের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো ষড়যন্ত্রই এ বিচার ঠেকাতে পারবে না।
বুধবার বিকালে পলোগ্রাউন্ড মাঠে এ সমাবেশে বিরোধী দলীয় নেতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচার এ বাংলার মাটিতে হবেই। উনি তাদের বাঁচাতে পারবেন না।”
বিএনপির আন্দোলনের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা- এই দাবি করে শেখ হাসিনা বলেন, “তিনি (খালেদা) শুধু রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান। তাদের বাঁচানোর জন্য আন্দোলন করছেন। যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান তাদের ঠাঁই এ বাংলার মাটিতে হবে না।”
বিএনপি বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে চেয়েছিল দাবি করে তিনি বলেন, “কিন্তু পারেন নি। তাদের বিচার হয়েছে, ফাঁসিও হয়েছে। তেমনি যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতে হবে। কেউ তাদের বাঁচাতে পারবে না।”
‘
৩ বছরে ৬৮ লাখ মানুষের কর্মসংস্থান’
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এগিয়ে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিন বছর মেয়াদে ৬৮ লাখ মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। চার হাজার ৫০১টি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্রও চালু করা হয়েছে।
“আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষকে দেয়। আওয়ামী লীগের গত মেয়াদের সরকারে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। ১৯৯৬-২০০১ পর্যন্ত ছিল স্বর্ণযুগ। পরে বিএনপি ক্ষমতায় এসে তা নষ্ট করেছে,” যোগ করেন তিনি।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “এদেশের মানুষ কীভাবে বাঁচবে, তিনি তা দেখেন না। শুধু তিনি হুমকি দিয়ে যাচ্ছেন, আমরা যা যা করছি, ক্ষমতায় গেলে তিনি তা বন্ধ করে দেবেন।’’
যেসব শিল্প কারখানা গড়েছি, বিদ্যুৎকেন্দ্র করেছি, তা কি তিনি বন্ধ করে দেবেন- প্রশ্ন রেখে হাসিনা বলেন, “মিয়ানমারের কাছ থেকে পাওয়া সমুদ্রসীমাও কি ফিরিয়ে দেবেন?”
যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হওয়ায় বিএনপিনেত্রীর মাথা ‘খারাপ’ হয়ে গেছে বলে হাসিনা মন্তব্য করেন।
‘
গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল বিএনপি-জামায়াত জোট’
শেখ হাসিনা অভিযোগ করেন, বিগত চারদলীয় জোট সরকার আবার ক্ষমতায় আসার জন্য ভারতের কাছে গ্যাস বিক্রির ‘মুচলেকা’ দিয়েছিল।
“কথা দিয়েছিল, কিন্তু তারা দিতে পারেনি। কারণ, জনগণই তা প্রতিরোধ করে দিয়েছে,” বলেন তিনি।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটকে ‘লুটেরার দল’ হিসাবেও আখ্যায়িত করেন শেখ হাসিনা।
চট্টগ্রামে বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস সঙ্কট নিরসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে একটি গ্যাসকূপও খনন করতে পারেনি। আমরা সরকারে এসে নতুন নতুন গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছি।”
“আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে উন্নয়ন করে। চট্টগ্রামের উন্নয়নের জন্য আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই গুরুত্ব দেয় না,” বলেন তিনি।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসাবে গড়ে তোলার জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি চট্টগ্রামের জন্য উপহার নিয়ে এসেছি।”
‘দারিদ্র্যের হার কমেছে ১০ শতাংশ’
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকার আমলে দারিদ্র্যের হার ১০ শতাংশ কমানো হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট খেলার দিন আমরা ৬ হাজার ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি।
“আমরা বিদ্যুতে কৃষকদের জন্য ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছি। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়িয়েছি।”
‘
বিএনপি আসে হত্যা-গুম-লুট করতে’
বিএনপি-জামায়াত জোটের সময় নির্যাতিতদের তালিকা তুলে ধরেন শেখ হাসিনা।
“বিএনপি আসে হত্যা-খুন করতে, লুট করতে, সন্ত্রাস-জঙ্গিবাদ করে। তারা খুন করে না শুধু, গুম করে। নিজের দলের নেতাকে খুন করে গুম করে, তারা দেশকে কী দেবে!”
সাংবাদিকদের ধরে ধরে নিয়ে নির্যাতন করে উল্লেখ করে চট্টগ্রামের নির্যাতিত সাংবাদিকদের নাম উল্লেখ করে তিনি বলেন, “দেশের মানুষ তা ভুলে যায়নি।”
চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল হবে। চট্টগ্রামে হবে গভীর সমুদ্র বন্দর। নতুন একটি অর্থনৈতিক অঞ্চলও গড়ে তোলা হবে।
ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই চট্টগ্রামের সার্বিক উন্নয়ন।”
বিএনপি চেয়ারপারসনের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থেকে দুর্নীতি করে- তখন দেশের ভাবমূর্তি কি থাকে? তারা ক্ষমতায় এসে দেশের জন্য তিরস্কার নিয়ে আসে।”
খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার বিষয়ে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “মা হয়ে ছেলেদের চুরি করা শেখায়। লজ্জা করে। তারা ধরা পড়েছে আমেরিকায়, হংকয়ে, কানাডায়। এফবিআই এসে সাক্ষী দিয়ে বলে- ‘তারা মানি লন্ডারিং করেছে’। এর চেয়ে লজ্জার কী আছে!”
গত সংসদ নির্বাচনের মতো আগামীতেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আপনারা দোয়া করবেন, যেন সেবা করতে পারি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে সম্ভানাময় দেশ হিসেবে গড়ে তুলব।
বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১২টিতে ভোট দিয়ে জয়ী করায় চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জাানন।
প্রায় ৩০ মিনিট বক্তব্য রাখার পর সমাবেশ মঞ্চ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বুধবারই তিনি ঢাকায় ফেরেন তিনি।
এর আগে সকালে চট্টগ্রামে পৌঁছে বন্দরনগরীর প্রথম ফ্লাইওভার, নারীদের শ্রমিকদের জন্য একটি ডরমেটরি, এলজিইডির নতুন ভবনসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী।
বেলা সাড়ে ৩টায় তিনি সভামঞ্চে উপস্থিত হলে নেতাকর্মীরা করতালি দিয়ে স্বাগত জানান। এখান থেকেই তিনি হাটহাজারী, দোহাজারী ও পটিয়ার তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।
এই সমাবেশ ঘিরে মঙ্গলবার রাত থেকেই আশেপাশের এলাকায় নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের সড়কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লাগানো হয় ফেস্টুন ও ডিজিটাল ব্যানার।
১৪ দলের নেতা-কর্মী- সমর্থকরা সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকঢোল পিটিয়ে মিছিল নিয়ে ও গাড়িতে করে পলোগ্রাউন্ডে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগমও।
নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ২টায় আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয়। শুরুতেই ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। এরপর স্থানীয় নেতারা একে একে বক্তব্য দিতে শুরু করেন।
সভা পরিচালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, চট্টগ্রাম (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ এবং চট্টগ্রাম (উত্তর) শাখার সাধারণ সম্পাদক এম এ সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/জেকে/এমআই/২৩০০ ঘ.
bdnews24