২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের সংসদ বয়কটের হুমকি বিএনপির

বিরোধীদলীয় প্রধান হুইপ বলেছেন, আইএসআইয়ের অর্থ নেওয়া সম্পর্কিত ‘মিথ্যা’ বক্তব্য স্পিকার কার্যবিবরণী থেকে বাদ না দিলে তারা সংসদে যাবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইএসআইয়ের কাছ থেকে বিএনপির অর্থ ‘নেওয়া’ সম্পর্কিত বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া না হলে সংসদ বর্জনের হুমকি দিয়েছে বিরোধী দল। সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক মঙ্গলবার বলেছেন, “মাননীয় স্পিকারকে বলব, আইএসআইয়ের অর্থ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারি দলের সদস্যরা সংসদে মিথ্যা বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিন। তা না হলে বৃহস্পতিবার থেকে আমরা সংসদে যাব না।” মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই হুমকি দেন তিনি। আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেওয়ার ‘মিথ্যা’ বক্তব্যের প্রতিবাদে ওই মানববন্ধন হয়। টানা ৭৭ কার্যদিবস বর্জনের পর বিএনপিসহ বিরোধীদলীয় সদস্যরা গত ১৮ মার্চ সংসদে ফেরে। আগামী বৃহস্পতিবার সংসদের মুলতবি অধিবেশন সংসদ অধিবেশন আবার বসবে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে বিএনপি ১৯৯১ সালে নির্বাচনের আগে অর্থ নিয়েছিল- মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমসে এই খবর প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদসহ একাধিক সভায় এই বক্তব্য তুলে ধরে বিএনপির সমালোচনা করছেন। অন্যদিকে বিএনপি বলে আসছে, এই খবরটি পুরোপুরি মিথ্যা। পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানি বিএনপিতে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন বলে যুক্তরাজ্যের ডেইলি মেইলও সংবাদ প্রকাশ করে। তবে পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, এই ধরনের কোনো বক্তব্য আদালতে দেননি দুররানি। দুররানি নিজেও বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। বিএনপি বলছে, তারা আদালতে দেওয়া দুররানির সাক্ষ্যের অনুলিপি সংগ্রহ করেছে এবং তাতে বিএনপির নাম নেই। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সাক্ষ্যের অনুলিপি সংগ্রহের পদক্ষেপ নিয়েছে। বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, “আইএসআইয়ের অর্থ নেওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সত্য তুলে ধরেছে। সংসদ নেতাকে বলতে চাই, খালেদা জিয়ার বিদেশে কোনো প্রভু নেই। তাই মিথ্যাচার করে কোনো লাভ হবে না।” মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “প্রথম আলো’র দিল্লি প্রতিনিধি দীপাঞ্জন রায় চৌধুরী একজন মাত্র ব্যক্তি যিনি খালিজ টাইমসে এই মিথ্যা সংবাদটি লিখেছেন। এই ব্যক্তিটি আবার ডেইলি মেইলে দীপাঞ্জন রায় নামে লিখেছেন- একই মিথ্যা সংবাদ। এই ব্যক্তির সংবাদ ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বার বার মিথ্যাচার করেছেন, যা দুঃখজনক।” “পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নেওয়ার মিথ্যা সংবাদ পরিবেশন করে সরকার অপপ্রচারের নতুন কৌশল নিয়েছিল, যা দেশের মানুষ বিশ্বাস করেনি,” বলেন তিনি। এই বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সমালোচনাও করেন বিএনপি নেতা নজরুল। তিনি বলেন, “পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস নোট এবং আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানি নিজেই বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, সংবাদটি মিথ্যা। এরপরও দেখি, বিডিনিউজে ব্রেকিং নিউজ দেয়- বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের সুপ্রিম কোর্টে দেওয়া দুররানির এফিডেভিট কপি আনার চেষ্টা করছে। কী দুর্ভাগ্য আমাদের!” বিডিনিউজ নিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২৬ ঘ.