২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন ৪ এপ্রিল

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হবে কি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা ৪ এপ্রিল জানাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হবে কি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা ৪ এপ্রিল জানাবে। এ বিষয়ে মঙ্গলবার আদেশের দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনালে একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় এই নতুন তারিখ দেন ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি নিজামুল হক। তিনি বলেন, ট্রাইব্যুনালে নবনিযুক্ত বিচারপতি আনোয়ারুল হক এ মামলার নথিপত্র পড়ে শেষ করতে পারেননি। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন প্রশ্নে ৪ এপ্রিল আদেশ দেওয়া হবে। এর আগে গত ২০ মার্চ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও ২৭ মার্চ দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল। সাকা চৌধুরী নামে পরিচিতি এই বিএনপি নেতার বিরুদ্ধে গত বছরের ৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংকে হত্যার অভিযোগ রয়েছে। স্বাধীনতার পর এ নিয়ে মামলা হয় বলেও নূতন চন্দ্র সিংয়ের ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। এছাড়া ধর্ষণ, হত্যা, অপহরণ, হিন্দু নির্যাতনের অভিযোগও রয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে। ২০১০ সালের ২৬ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য ওই বছরের ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার এক মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২২০ ঘ.