২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার সততার কাছে ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, তিনি সবসময় স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এলেও পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক ‘অহেতুক’ অভিযোগ তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

মাদারীপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, তিনি সবসময় স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এলেও পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক ‘অহেতুক’ অভিযোগ তুলেছে। রোববার রাতে মাদারীপুরে এক অনুষ্ঠানে সাবেক এই যোগাযোগমন্ত্রী বলেন, “পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিশ্বব্যাংক আমার বিরুদ্ধে অহেতুক অসত্য অভিযোগের তীর ছুঁড়েছে। কিন্তু দুদকের তদন্তে সব অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে।” “পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, অসত্য অভিযোগ তুলেছে, তারা সবাই একদিন আমার দক্ষতা, সততা ও স্বচ্ছতার কাছে লজ্জিত হবে”, যোগ করেন আবুল হোসেন। তিনি যোগাযোগমন্ত্রী থাকাকালে দুই বছরে পদ্মা সেতুর জন্য যে কাজ করেছেন, বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ক্ষেত্রে সেই কাজ করতে ১০ বছর লেগেছিল দাবি করে মন্ত্রী বলেন, বর্তমান যোগাযোগ ও রেলমন্ত্রী তার নেওয়া প্রকল্পগুলোই এগিয়ে নিচ্ছেন বা উদ্বোধন করছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী বলেন, “দীর্ঘ ২০ বছরে এলাকায় অনেক যোগ্য নেতা-কর্মী তৈরি হয়েছে। এখন তাদের মধ্য থেকে আপনাদেরকে যোগ্য, সুশিক্ষিত, দক্ষ, সৎ নিবেদিত নেতা খুঁজে নিতে হবে।” একই কথা কিছুদিন আগে অন্য একটি অনুষ্ঠানেও বলেছিলেন আবুল হোসেন। মন্ত্রী তার দীর্ঘ বক্তব্যে নিজের বিভিন্ন উন্নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের সমালোচনা করেন। অনুযোগের সুরে তিনি বলেন, সাংবাদিকরা কোনোদিন তার প্রশংসা করেনি। বড় বড় গল্প ও রচনা লিখেছেন, কার্টুন ছেপেছেন। তার অসত্য খবর ছেপে দেশবাসীকে বিভ্রান্ত করেছেন। এমনকি তার সম্পর্কে জনমনে ভুল ধারণা দিতে টেলিভিশনের টকশোতে নেতিবাচক অসত্য আলোচনা হয়েছে বলেও আবুল হোসেন অভিযোগ করেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার সাড়ে সাতশ’ মুক্তিযোদ্ধার হাতে ‘স্বাধীনতা সম্মাননা পদক’ তুলে দেন মন্ত্রী। এছাড়া তিনি ‘একজন মুক্তিযোদ্ধার কিছু কথা ও গান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং স্থানীয় পর্যায়ে আয়োজিত ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, আওয়ামী লীগ নেতা অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, মীর গোলাম ফারুক, শাকিলুর রহমান সোহাগ তালুকদার বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬১৭ ঘ.