ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের সকালে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে নানাভাবে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনকেও দলীয়করণের বাইরে রাখতে পারেনি সরকার। জাতীয় স্মৃতিসৌধে যেতে বিরোধী দলীয় নেতাকে পথে পথে বাধা দিয়েছে। সকালে তার গুলশানের বাসার চারদিকে পুলিশ ঘেরাও করে রাখে। ট্রাক-গাড়ি আড়াআড়ি করে রেখে নেত্রীর গাড়িবহর যেতে বাধা দেয়।”
বিরোধী দলীয় নেতার ‘প্রটোকলের গাড়িও’ কিছু সময় আটকে রাখা হয় বলে অভিযোগ করেন ফখরুল।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর সোমবার সকাল ৬টা ৪০ এ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ৬টা ৪৫ মিনিটে তিনি পুষ্পমাল্য অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ জ্যেষ্ঠ নেতারা তারা সঙ্গে ছিলেন।
জিয়ার কবরে শ্রদ্ধা
সাভার থেকে ফিরে সকাল সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেন। তিনি প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের কোরআনখানি ও দোয়া মাহফিলে অংশ নেন খালেদা জিয়া।
জিয়ার কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার বিরোধী দলকে দাবিয়ে রাখছে। বিরোধী দলীয় নেতাকে আজ জাতীয় স্মৃতিসৌধে যেতে বাধা দেওয়ার হয়েছে। আমরা এর কঠোর নিন্দা জানাই।”
এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বিএনপি সব সময় বলে আসছে, আমরা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার চাই। তবে সেই বিচার হেেতে হব নিরপেক্ষ, স্বচ্ছ এবং রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া।”
বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে- এমন মন্তব্য করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ছিলো- গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। বর্তমান সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। দেশের অর্থনীতিকে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে।”
এ থেকে উত্তোরণে খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১০২৮ ঘ.
bdnews24