২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্দলীয় নির্বাচনে আ. লীগ ৩০ আসনও পাবে না’

নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হলে ক্ষমতাসীন দল ৩০ আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপিনেতা খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হলে ক্ষমতাসীন দল ৩০ আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপিনেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, “তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে তারা ষড়যন্ত্র করছে।” আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এইচএম এরশাদকে বিরোধী দলের নেতা বানাতে চায়- এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেছেন, সরকারের সেই স্বপ্ন কখনোই সফল হবে না। শনিবার বিকালে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের এক সমাবেশে এ সব কথা বলেন তিনি। ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেন এরশাদ। বিএনপি এই দিনটিকে এবার ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, “ ’৮৬ সালে স্বৈরশাসক এরশাদ পাতানো নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বিরোধীদলীয় নেতা বানিয়েছিলেন। “এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের অধীনে নির্বাচন করিয়ে স্বৈরশাসক এরশাদকে বিরোধীদলীয় নেতা বানাতে চান। এতে লাভ হবে না।” গত জুনে পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে তা পুনর্বহালে আন্দোলন করছে বিএনপি। ওই সংশোধনী অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে ‘অন্তর্বর্তী সরকারের’ অধীনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অনুযায়ী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৯০ দিনে হওয়ার কথা। বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সাবেক জ্বালানিমন্ত্রী বলেন, “সরকার দাবি করেছে, তিন হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন বিদ্যুৎ নিয়ে এতো হাহাকার কেন?” আইএসআই’র কাছ থেকে বিএনপি’র অর্থ নেওয়ার খবরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সাজানো গল্প’ অভিহিত করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইএসআইয়ের টাকা নেওয়ার সংবাদটির কোনো ভিত্তি নেই। খবরটি বানোয়াট।” “এই বক্তব্যের পর আজ প্রমাণিত হয়েছে এটা শেখ হাসিনার সাজানো গল্প। দয়া করে এই ধরণের মিথ্যাচার বন্ধ করুন।” ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানে গোয়েন্দা সংস্থা আইএসআই বিএনপিকে অর্থ দিয়েছিল- গণমাধ্যমে প্রকাশিত এ খবর নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছেন, এ বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা না চাইলে মামলা করা হবে। বিশৃঙ্খলা শনিবারের সমাবেশে বসা নিয়ে ছাত্রদলের দুই গ্র“পের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময়ে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন বক্তব্য দিচ্ছিলেন। সমাবেশস্থলে বসা নিয়ে ছাত্রদল পল্টন থানা শাখার সভাপতি এনাম আহমেদ ও তার সঙ্গীরা আদাবর থানার সভাপতি ফয়সলের ওপর মারমুখী হয়ে চড়াও হন। এরপর বিশৃঙ্খলায় প্রায় ১০ মিনিট সমাবেশের কার্যক্রম বন্ধ থাকে। পরে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান শিমুল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবার সমাবেশের কার্যক্রম শুরু হয়। দলের সহসভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সস্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২৬ ঘ.