২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকেও ন্যায্য সমুদ্রসীমা আনব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার ক্ষমতায় গেলে মিয়ানমারের মতো ভারতের কাছ থেকেও সমুদ্রসীমার ন্যায্য অধিকার আদায় করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

সিলেট, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার ক্ষমতায় গেলে মিয়ানমারের মতো ভারতের কাছ থেকেও সমুদ্রসীমার ন্যায্য অধিকার আদায় করা যাবে। শনিবার সিলেটে এক জনসভায় তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে মামলার পর আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশ [বঙ্গোপসাগরে] ১ লাখ ১১ হাজার বর্গমাইল জয় করেছে। “ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা রয়েছে।” “আগামীতে ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকেও সমুদ্রসীমার ন্যায্য অধিকার আদায় করতে সক্ষম হব।” মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে মামলায় জাতিসংঘ ট্রাইব্যুনাল চলতি মাসে বাংলাদেশের পক্ষে রায় দেয়; যার ফলে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে দীর্ঘ ৩৮ বছরের বিরোধ নিষ্পত্তি হয়। যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার দাবিতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজে দেবে না।” বহুল আলোচিত টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু টিপাইমুখ প্রকল্পে থেকে থাকলে সরকার তা কখনোই হতে দেবে না।” কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে শনিবার সকালে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সভাস্থলে পৌঁছান। প্রধানমন্ত্রী তার ২৬ মিনিটের বক্তব্যে সরকারের উন্নয়ন কার্মকাণ্ডের পাশাপাশি বিরোধী দলের সমালোচনা করে বলেন, বিএনপির ৫ বছরে দেশে কোনো উন্নয়ন হয়নি। “বিএনপি বোমা-গ্রেনেড-সন্ত্রাস-খুন-জঙ্গিবাদ ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি। রাস্তায় রাস্তায় বিদ্যুতের খাম্বা পড়ে ছিল কিন্তু কোনো বিদ্যুৎ দিতে পারেনি তারা।” “আওয়ামী লীগ এলেই দেশের মানুষ কিছু পায়। আওয়ামী লীগ জনগণের উন্নয়নের জন্য কাজ করে, জনগণকে সবকিছু দেয়।” আওয়ামী লীগের সাড়ে ৩ বছরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষার হার বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান-রাস্থাঘাট ও মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। “৬৮ লাখ বেকারকে কাজের সুযোগ তৈরি করে দিয়েছে সরকার।” শেখ হাসিনা বলেন, “বৃহত্তর সিলেট থেকে আপনারা ১৯টি আসন উপহার দিয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন। এজন্য কৃতজ্ঞতা জানাই। তাই সিলেটেবাসীকে কিছু উপহার দিতে এসেছি। “ফেঞ্চুগঞ্জে ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা স্থাপন হচ্ছে এবং ৯০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ও কুমারগাঁওয়ে ১৫০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।” আগামীতে ক্ষমতায় গেলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট ওসমানী মডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন করে আবার সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফ হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজসহ সিলেট জেলা ও নগর কমিটির নেতারা বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১৪ দলের নেতাকর্মীরাও এ জনসভায় অংশ নেন। শেখ হাসিনা একটি হেলিকপ্টারে করে সকাল ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা মাঠে পৌঁছান। সেখানে তিনি শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নিজামপুরে ৯০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন। এরপর তিনি সিলেটের কুমারগাঁওয়ে ১৫০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন এবং হযরত শাহজালাল (রা.) এবং হযরত শাহ পরান (রা.)- এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে সিটি করর্পোরেশন প্রাঙ্গণে নগর ভবন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি স্থানীয় সার্কিট হাউজে সার্বিক উন্নয়নমূলক কর্মকা- নিয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/পিডি/২১১৯ ঘ.