২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৩টি সার কারখানা হবে: প্রধানমন্ত্রী

সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আরো তিনটি সার কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

সিলেট, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আরো তিনটি সার কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করতে সকালে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। বিকেলে আলীয়া মাদ্রাসা মাঠে এক জনসভাতেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সেখানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জনসভার প্রচারণার জন্য সরকারের তিনজন মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা গত কয়েকদিন ধরেই সিলেটে অবস্থান করছেন। শেখ হাসিনা একটি হেলিকপ্টারে করে সকাল ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা মাঠে পৌঁছান। এরপর তিনি শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নিজামপুরে ৯০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন। এ উপলক্ষে ফেঞ্চুগঞ্জ সার কারখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, শাহজালাল সার কারখানা থেকে প্রতিদিন ১ হাজার ৭৬০ টন হিসাবে বছরে ৫ লাখ ৮১ হাজার টন সার উৎপাদন হবে। “বর্তমানে দেশে ৬টি সার কারখানা রয়েছে। এর সবগুলোই বেশ পুরনো হয়ে গেছে, উৎপাদন ক্ষমতাও হ্রাস পেয়েছে। তাই চাহিদা মেটানোর জন্য বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে প্রতি বছর ১৫ থেকে ২০ লাখ টন সার আমদানি করতে হয়। এই কারখানা চালু হলে প্রায় ৬ লাখ টন সার আমদানি কমবে।” সরকার দেশে আরো তিনটি সার কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে বলেও বক্তৃতায় উল্লেখ করেন তিনি। চীন সরকারের সহযোগিতায় প্রায় ৩ হাজার ৯৮৬ কোটি টাকা বিদেশি ঋণসহ মোট ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হবে আগামী ৩৮ মাসের মধ্যে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত সাড়ে তিন বছরে ৩ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ইতোমধ্যে ৫ হাজার ৩৩৩ মেগাওয়াট ক্ষমতার ৫২টি বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে চালু হয়েছে ২৮টি। বাকি ২৪টি কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।” ২০০৯ সালের মতো আগামী নির্বাচনেও ‘নৌকায়’ ভোট দেওয়ার জন্য ফেঞ্চুগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান তিনি। অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া এবং প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফেঞ্চুগঞ্জ থেকে প্রধানমন্ত্রী রওনা হন সিলেটের কুমারগাঁওয়ের উদ্দেশ্যে। সেখানে ১৫০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এরপর হজরত শাহজালাল (রা.) এবং হজরত শাহ পরান (রা.)- এর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। মাজার জিয়ারত শেষে সিটি করর্পোরেশন প্রাঙ্গণে নগর ভবন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি স্থানীয় সার্কিট হাউজে সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। বিকালে সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে ১৪ দলের জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বক্তৃতা করবেন শেখ হাসিনা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নেতাকর্মীরা এ জনসভায় অংশ নেবেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, “প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক লোক সমাগম হবে বলে আশা করছি আমরা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৩৮ ঘ.