ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিরোধী দল সমর্থিত জয়নুল আবেদীন, যিনি সম্পাদক হিসাবে পাচ্ছেন ক্ষমতাসীন দল সমর্থিত মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীকে।
সমিতির মোট ১৪টি পদের মধ্যে সহ সভাপতির দুটিসহ ৮টিতে জয়ী হয়েছেন সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা।
আর বিরোধী দল সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) প্রার্থীরা জয়ী হয়েছেন কোষাধ্যক্ষসহ ৬টি পদে।
বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত আড়াইটার দিকে কয়েকশ আইনজীবী উপস্থিতিতে এই ফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মো. নূর হোসেন চৌধুরী।
তিনি জানান, তিন হাজার ৮২৯ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোট দিয়েছেন মোট তিন হাজার ১৪৭ জন।
গত বছর বিএনপি-জামায়াতপন্থী নীল প্যানেলের প্রার্থীরা সভাপতি ও সম্পাদকসহ মোট ১১টি পদে বিজয়ী হয়েছিলেন।
এবারের বিজয়ীরা ২০১২-১৩ কার্যবর্ষে সমিতির নেতৃত্ব দেবেন।
বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি জয়নুল আবেদীন এবার সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ১ হাজার ৪৯৪ ভোট পেয়ে। তিনি ১৯৯৭-৯৮ এ সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ছিলেন।
সভাপতি পদে সাদা প্যানেলের প্রার্থী সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪৭৪ ভোট। এক বছর আগেও একবার সভাপতি পদে নির্বাচন করে হেরে যান তিনি।
সম্পাদক পদে বিজয়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোমতাজ উদ্দিন মেহেদী পেয়েছেন ১ হাজার ৫১৬ ভোট। এক সময় ঢাকা বারের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিগত বিএনপি সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেলাল উদ্দিন মোল্লা, যিনি পেয়েছেন ১ হাজার ৪৪৬ ভোট।
নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও সরকার ও বিরোধী দল সমর্থক প্যানেলের বাইরে কেউ নির্বাচিত হতে পারেননি।
এর মধ্যে নিরপেক্ষ আইনজীবী ঐক্য পরিষদের (হলুদ প্যানেল) প্রার্থী ছিল পাঁচজন। সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থীও ছিলেন।
সহ-সভাপতি দুটি পদে সরকার সমর্থক সাদা প্যানেলের প্রার্থী কে এম সাইফুদ্দিন আহমদ ও মো. মোস্তফা নির্বাচিত হয়েছেন।
সহ-সম্পাদকের দুটি পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের এ কে এম তৌহীদুর রহমান ও মো. নূর-নবী বুলবুল।
আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিরোধী দল সমর্থক নীল প্যানেলের প্রার্থী শাহ মো. মুনীর শরীফ।
সাতটি সদস্য পদের মধ্যে তিনটিতে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের প্রার্থী জোবায়দা পারভিন, সৈয়দা সাবিনা আহমদ (মলি) ও মো. আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স।
বাকি চারটি সদস্য পদে নীল প্যানেলের জাহানারা বেগম, জান্নাত সুলতানা (মুক্তা), মো. আছরারুল হক ও শাহানারা পারভীন নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১০১৪ ঘ.
bdnews24