ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- গ্রীষ্ম মৌসুমের আগেই বিদ্যুৎ সংকট প্রকট হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
বুধবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। এখন বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
“শুনেছি, সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মৌসুমে ১২ ঘণ্টা কল-কারখানা বন্ধ রাখবে।”
“এটা কার্যকর হলে আমাদের শিল্প-কারখানা বন্ধ হয়ে যাবে। শ্রমিকরা চাকুরি হারাবে।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ অগাস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ হয়।
মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশে ২১ অগাস্ট মামলা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের জনপ্রিয়তা ভীত হয়ে সরকার তাকে নির্বাচন ও রাজনীতি থেকে সরিয়ে দিতেই ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় জড়িয়েছে।
তিনি আগামী ২৯ মার্চ দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলার রায় নিয়ে সরকারের ‘আনন্দ-উল্লাস’ প্রসঙ্গে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল বলেন, “দ্রব্যমূল্য বাড়ছে। জনগণের নিরাপত্তা নেই। সেদিকে নজর না দিয়ে সরকার সমুদ্রসীমানার রায় নিয়ে ড্রাম বাজাচ্ছে।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন।
ওই হামলার মামলায় রোববার তারেক রহমানসহ নতুন ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলার আসামি ছিল ২২ জন। বর্তমান সরকারের মেয়াদে অধিকতর তদন্তের পর নতুন করে ৩০ জনকে আসামি করা হয়।
চিকিৎসা নিতে যুক্তরাজ্য যাওয়া তারেক রহমান গত সাড়ে তিন বছর ধরে সেখানেই আছেন।
সংসদে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনাও করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা দেশের সঠিক চিত্র তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীকে বলব, তার বক্তব্যে মিথ্যা কোথায় বলুন।”
“প্রধানমন্ত্রীকে বলব, আপনি বিরোধীদলীয় নেতার বক্তব্য যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, তা হলে আমি রাজনীতি থেকে চলে যাব,” যোগ করেন ফখরুল।
মঙ্গলবার খালেদা জিয়া সংসদে এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দেন যা বাংলাদেশের ইতিহাসে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সময়ের হিসাবে রেকর্ড।
সেদিন খালেদার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য দেন সংসদে।
তার ৪৯ মিনিটের বক্তব্যে এক পর্যায়ে খালেদার বক্তব্য সস্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “কেউ মনে হয় মুখরোচক উপন্যাস লিখে দিয়ে গেছেন। তিনি (খালেদা) উপন্যাস পড়ে চলে গেছেন।”
আইএসআইয়ের অর্থ
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের থেকে ১৯৯১ সালে অর্থ নেওয়ার সংবাদে এদিন আবারো প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, “খালিজ টাইমসের সংবাদটি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ কলকাতা সাংবাদিক দীপাঞ্জন রায় চৌধুরীকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে তৈরি করিয়েছে- তা ভারত থেকে প্রকাশিত টাইমস অব আসাম আজ (বুধবার) প্রকাশ করেছে।”
“এ থেকে বোঝা যায় ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে।’’
তিনি দাবি করেন, বাংলা দৈনিক প্রথম আলোর কলকাতা প্রতিনিধি ও খালিজ টাইমসের প্রদায়ক দীপাঞ্জনের সঙ্গে আওয়ামী লীগের অনেক জ্যেষ্ঠ নেতার যোগাযোগ রয়েছে।
বিএনপি ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানের আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়েছিল- আরব আমিরাতের খালিজ টাইমসে এরকম একটি প্রতিবেদন প্রকাশের পর থেকে এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি কথা চালাচালি হচ্ছে।
ফখরুলের উদ্ধৃতি দেওয়া টাইমস অব আসামের লেখাটি সালাউদ্দিন শোয়েব চৌধুরী নামে এক ব্যক্তির লেখা। লেখাটি তার সম্পাদিত অনলাইন ট্যাবলয়েড উইকলি ব্লিটযে প্রকাশ হয় মঙ্গলবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩৭ ঘ.
bdnews24