২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর গতি যেন ব্যাহত না হয়: প্রধানমন্ত্রী

লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধে যাত্রী, মালিক, বন্দর ও ঘাট কর্তৃপক্ষকে তৎপর হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 07:13 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

বরিশাল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীর স্বাভাবিক গতিপথ ঠিক রাখতে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সতর্ক হওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমেও নদী-খাল-বিলে পানি ধরে রাখার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বরিশাল লঞ্চ ঘাটের নবনির্মিত দ্বিতল টার্মিনাল ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশের নদনদীর নাব্য ফেরাতে সরকার একদিকে নদী খনন করছে, অন্যদিকে আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ের পদক্ষেপ নিয়েছে। নদী ভরাট করে অবৈধ স্থাপনা গড়ার চেষ্টাও শক্ত হাতে দমন করা হচ্ছে। “নদী-খাল-বিলে শুষ্ক মৌসুমেও পানি ধরে রাখতে হবে। এ জন্য সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় জনগণকেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে নদীর স্বাভাবিক গতিপথ বিঘ্নিত না হয়। যানজট হ্রাস, পরিবেশ দূষণ রোধ ও পর্যটন শিল্পের বিকাশে সরকার ঢাকার চারপাশের ১১০ কিলোমিটার নৌ-পথকে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ফিটনেসবিহীন নৌ-যান চলাচল বন্ধ করার ব্যবস্থা নেয়া হয়েছে। নৌ-যান রেজিস্ট্রেশন, সার্ভে ও পরিদর্শনে আধুনিক পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।” লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধে যাত্রী, মালিক, বন্দর ও ঘাট কর্তৃপক্ষকে তৎপর হওয়ারও আহ্বান জানান তিনি। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে মামলায় আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “বিশাল সমুদ্র অঞ্চল পেয়েছি। এখানের তেল-গ্যাস, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ সবই আমাদের। এ বিশাল সম্পদ আহরণ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের আরো বেশি মেরিন ক্যাডেটের প্রয়োজন হবে। আমরা সমুদ্র সম্পদ রক্ষা ও আহরণে সার্বিক সামর্থ্য অর্জনের পদক্ষেপ নিয়েছি।” আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিলে ভারতের সঙ্গে সমুদ্রসীমার মামলাতেও বাংলাদেষের বিজয় হবে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, “ধান, নদী ও খাল- এই তিনে বরিশাল। এটাই বরিশালের ঐতিহ্য। তবে বরিশালের এই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। আমরা বরিশালের এই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি।” নৌ মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বরিশালের মেয়র শওকত হোসেন হিরন, সাবেক প্রধান হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং নৌ-সচিব আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে সকাল ১০টার পর বরিশালে পৌঁছান হাসিনা। বিকালে বঙ্গবন্ধু উদ্যানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সরকারের চলতি মেয়াদে বরিশালে এটি শেখ হাসিনার দ্বিতীয় সফর। এক বছর আগে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের এই বিভাগীয় শহর সফর করেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বরিশাল নগরীকে আগেই ঢেকে ফেলা হয় নিরাপত্তার চাদরে। বরিশাল নগরীকে সাজানো হয় নতুন সাজে। বরিশাল পৌঁছেই কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্ক এবং বরিশাল নদী বন্দরের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বরিশাল মেরিটাইম একাডেমি, বঙ্গবন্ধু অডিটোরিয়াম ও সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বরিশাল সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন এবং জেলার সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। বিকালে বঙ্গবন্ধু উদ্যানে জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে উল্লেখ করা হয়েছে সফরসূচিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫২২ ঘ.