চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলোগ্রাউন্ড মাঠে ২৮ মার্চে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে সামনে রেখে একমঞ্চে থেকে কর্মীসভা করলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সব পক্ষের নেতারা।
মঙ্গলবার বিকালে নগরীর মুসলিম হলে এ কর্মীসভা হয়। সভায় নগরীর ৪১ ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন ও সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির অনুসারীদের সবাই এতে ছিলেন।
মহিউদ্দিন ও আফসারুল আমীন সভায় উপস্থিত থাকলেও নুরুল ইসলাম ছিলেন না।
সরকার দলের চট্টগ্রাম মহানগর কমিটির নেতারা গত সংসদ নির্বাচনের পর থেকে বিরোধে জড়িয়ে আলাদাভাবে তাদের অনুসারীদের নিয়ে জাতীয় দিবসসহ বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করে আসছিলেন।
আখতারুজ্জামান চৌধুরী বাবু কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ার পর গত ১৬ ফেব্রুয়ারি মুসলিম হলে এক সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের বিবদমান নেতারা দীর্ঘদিন পর একমঞ্চে আসেন।
মহাসমাবেশ উপলক্ষে সাংগঠনিক জেলার বিভিন্ন সভায় নেতারা একসঙ্গে থাকলেও মহানগর আওয়ামী লীগের ব্যানারে প্রথমবারের মতো দলীয় কর্মসূচিতে তারা একসঙ্গে হাজির হলেন।
মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্র্মীসভায় প্রধান অতিথি ছিলেন আফসারুল আমীন, তিনি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকও।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ইসহাক মিয়া, নগর সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুল, কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, আজ ম নাছির উদ্দিন প্রমুখ।
কর্মীসভা থেকে নগর আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধভাবে আগামী ২৮ মার্চ বুধবার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শেখ হাসিনার মহাসমাবেশকে চট্টগ্রামের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশে পরিণত করার ঘোষণা দেন।
২৮ মার্চ বুধবার দুপুর ২টায় পলোগ্রাউন্ড মাঠে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
ওইদিন প্রধানমন্ত্রী নগরীর বন্দর এলাকায় চট্টগ্রামের প্রথম ফ্লাইওভারসহ চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩২৯ ঘ.
bdnews24