ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি তুলে ধরে তিনি বলেন, “আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের দাবি সংসদে আজ তুলে ধরেছি। ইতিমধ্যে জনগণের কাছেও তা গ্রহণযোগ্যতা পেয়েছে।”
“নির্দলীয় সরকারের প্রতি দেশের মানুষ রায় দিয়েছে” মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, “তাই সরকারকে বলব, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।”
“হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না হয় এদেশে আর কোনো নির্বাচন হবে না। হতে দেওয়া হবে না।”
সংসদ অধিবেশনে সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সমাপনীতে এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দেন খালেদা যা বাংলাদেশের ইতিহাসে বিরোধীদলীয় নেতার ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ বক্তৃতা।
তারপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। খালেদার বক্তব্যের সময় হাসিনা উপস্থিত থাকলেও হাসিনার বক্তব্যের সময় খালেদা অধিবেশনে ছিলেন না। এক ঘণ্টা ৫৩ মিনিটের বক্তব্য শেষ হওয়ার পর তিনি অধিবেশন কক্ষ ছেড়ে যান।
খালেদা জিয়া বলেন, “এখনো সময় আছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন। দেশের স্বার্থে গণতন্ত্র ধরে রাখার চেষ্টা করি। একজন সরকারে আসবে, আবার যাবে।
“তাই সরকারকে বলব, আসুন ভোটের অধিকার নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে এক সঙ্গে কাজ করি।”
তা না হলে এই দাবিতে জনগণকে নিয়ে আন্দোলন করবেন বলে উল্লেখ করেন তিনি।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দাবিতে জনমত সৃষ্টি করতে গত বছরের অক্টোবর মাস থেকে বিএনপি সারাদেশে রোড মার্চ, জনসভা ও গণমিছিল করে। ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশও করে।
গত বছর বাতিল হওয়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে সরকারকে ওই সমাবেশ থেকে আগামী ১০ জুন পর্যন্ত বেঁধে দেয় বিএনপি।
টানা ৭৭ কর্মদিবসের অনুপস্থিতির ইতি টেনে বিরোধী দল গত রোববার খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে যোগ দেয়। এরপর সংসদে খালেদা জিয়ার এটাই প্রথম বক্তব্য।
এক ঘণ্টা ৫৩ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া দেশের বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক অবস্থা, সরকারের ‘ব্যর্থতা ও অপশাসন’, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড, সৌদি আরবের দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ড, সীমান্ত হত্যা, পুঁজিবাজারের সর্বশান্ত বিনিয়োগকারীদের অবস্থা, বিদ্যুৎখাতে দুর্নীতি, গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার ওপর সরকারি বিধি-নিষেধ ইত্যাদি বিষয়ে কথা বলেন।
গত বছরের ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে সরকার সংবিধান থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকার পদ্ধতি তুলে দিয়ে সেখানে ‘অর্ন্তর্বতী সরকারের’ অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান সংযোজন করে।
১৯৯৬ সালের এয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করেছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার।
আন্দোলনে ঠেলে দেবেন না’
তত্ত্বাবধায়ক সরকারের দাবি জনদাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।
মার্চের সমাবেশ থেকে সরকারে বেঁধে দেওয়া সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আশা করি সরকার সমঝোতার পথে এসে তার সুরাহা করবেন। আন্দোলনের দিকে আমাদের ঠেলে দেবেন না।”
“আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবে না। আপনারা যদি মনে করেন, ১৯৮৬ সালের নির্বাচন করবেন, তা এবার হবে না।”
কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি অংশ নেবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।”
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারও তারা মেনে নেবেন না বলে জানান খালেদা।
তিনি বলেন, “তাদের মতলব ইভিএম চালু করে ভোট কারচুপি করবে, তা হবে না।”
স্থানীয় নির্বাচনে পর্যায়ক্রমে চালু হওয়া ইভিএম আগামী সংসদ নির্বাচনে ব্যবহৃত হবে কি না সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি।
গত ফেব্রুয়ারিতে পুরনো কমিশনের মেয়াদ শেষ হওয়ায় কমিশন পুনর্গঠন করেন রাষ্ট্রপতি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর গঠিত সার্চ কমিটি দলগুলোর কাছ থেকে পাওয়া নামের ভিত্তিতে নতুন কমিশন গঠন করা হয়।
সরকারকে ধন্যবাদ
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ মামলায় আন্তর্জাতিক আদালতে রায় অর্জনের জন্য সরকারকে ধন্যবাদও জানান বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, “আমি সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমকর্তাদেরও এজন্য অভিনন্দন জানাচ্ছি।”
বিএনপির মেয়াদে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা ডেস্ক খোলা হয়েছিল বলে এ সময় উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী।
“কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছিলাম। আমাদের সরকারের এই উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকার সফলতা অর্জন করেছে।”
সাংবাদিক দম্পতি হত্যা
গত ফেব্রুয়ারিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, “আমরা জানতে চাই, কেন এতো দিনেও সাংবাদিক দম্পতির খুনিদের ধরা যায়নি।
“নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার যে সময় দিয়েছিলেন, তখন খুনিদের ধরে আবার পাচার করে দিয়েছেন।”
গত ১১ জানুয়ারি ভোরে সাগর-রুনি তাদের বাসায় খুন হওয়ার পর এখন পর্যন্ত কাউকে এ ঘটনায় গ্রেপ্তার করেনি পুলিশ।
গত ৮ মার্চ গুলশানে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন খালেদা।
“এখন বেড রুম নয়। দেশের কোনো এলাকার মানুষ নিরাপদ নয়। রাজধানীর কূটনীতিক পাড়াও নিরাপদ নয়।”
সাগর-রুনির হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী গত মাসে বলেছিলেন, সরকারের পক্ষে কারো বেড রুম পাহারা দেওয়া সম্ভব নয়।
খুনিদের গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপশি বিরোধীদলীয় নেতা কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টির দিকে দৃষ্টি দিতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি পরামর্শ দেন খালেদা জিয়া।
খালেদা দাবি করেন, তিন বছরে ১২ হাজারেরও বেশি মানুষ হত্যা হয়েছে।
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কোন্দল, হল দখলের কারণে শিক্ষাঙ্গনে অস্থিরতা বেড়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
পুঁজিবাজার
“আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই পুঁজিবাজারে ধস নামে” মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “এবার বড় কেলেঙ্কারি হয়েছে। অপরাধীদের কোনো বিচার করা হয়নি।
“তদন্ত কমিটি অপরাধীদের চিহ্নিত করলেও অর্থমন্ত্রী বলেছেন, তারা এতো ক্ষমতাধর- এজন্য তদন্ত প্রতিবেদন প্রকাশ করেননি।”
২০১০ সালের ডিসেম্বর ও ২০০১ সালের জানুয়ারিতে পুঁজিবাজারে ব্যাপক ধসের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। ওই কমিটির দেওয়া প্রতিবেদন পরবর্তীতে প্রকাশও করে সরকার।
আওয়ামী লীগের গত মেয়াদেও পুঁজিবাজারে ব্যাপক ধসের ঘটনা ঘটেছিল।
সরকারকে সহযোগিতা
আওয়ামী লীগের তিন বছরে সরকারকে সহযোগিতা করার যেসব আহ্বান জানিয়েছিলেন তার একটি পরিসংখ্যানও তুলে ধরেন খালেদা জিয়া।
তিনি বলেন, “বিডিআর বিদ্রোহ ঘটনার সময়ে আমাদের ডাকা হয়নি। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ে আমরা জাতীয় স্বার্থে অটল থাকার কথা বলেছি।”
বিশ্ব জলবায়ু সম্মেলনের আগেও বিএনপি কিছু প্রস্তাব দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
“মঙ্গা মোকাবিলা ও বাজেটের সময়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কোনো সহযোগিতাই সরকার গ্রহণ করেনি।”
সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের বাংলাদেশি হত্যার ঘটনায় সরকারকে প্রতিবাদ করার আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “দেশের জনগণ পাশে থাকবে। আমরাও আপনাদের সহযোগিতা করব।”
সংসদ অকার্যকর
সংসদকে অকার্যকর ও অকেজো করে ফেলা হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, এখানে বিরোধী দলকে দেশের সমস্যা ও জনগণের কথা বলতে দেওয়া হয় না।
“শুধু গালিগালাজ করা হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা খারাপ ভাষায় কথা কথা বলেন।”
গতবছর বিএনপির ডাকা এক হরতাল কর্মসূচিতে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের পুলিশের লাঠিপেটার ঘটনা সংসদের সব সদস্যের জন্য অপমানজনক বলে অভিহিত করেন তিনি।
রাজনৈতিক কর্মসূচিতে বিরোধীদলীয় সাংসদ বিশেষ করে নারী সাংসদের ওপর পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে সংসদের অভিভাবক হিসেবে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন বিরোধীদলীয় নেতা।
ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে উপস্থাপন না করারও সমালোচনা করেন তিনি।
মহাসমাবেশে বাধা
১২ মার্চের মহাসমাবেশে সরকারের ভূমিকার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “সবকিছু বন্ধ করেও মহাসমাবেশ রুখতে পারেনি। এতো বাধা দেওয়ার পরও মহাসমাবেশ মহাসমুদ্রে রূপ নিয়েছিল।”
মহাসমাবেশের কার্যক্রম ইলেক্ট্রনিক মিডিয়া সরাসরি সম্প্রচার ‘বন্ধ’ করারও সমালোচনা করেন তিনি।
রাজধানীতে বিএনপির ১২ মার্চের মহাসমাবেশের আগে ১০ মার্চ রাত থেকে ঢাকার সঙ্গে সারা দেশের বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ জন্য পরিবহন মালিকরা সরকার সংশ্লিষ্টদের অলিখিত নির্দেশকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করে।
সমাবেশের আগের দুদিন রাজধানীর হোটেলগুলোতেও কক্ষ ভাড়া দিতে নিষেধ করা হয় পুলিশের পক্ষ থেকে।
তাদের সমাবেশের দুদিন পর (১৪ মার্চ) ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জনসভায় ‘জনসমুদ্র’ হয়নি দাবি করে খালেদা জিয়া বলেন, “যানবাহন ফ্রি, টাকা পয়সা এবং চকলেট-কোকাকোলা দিয়েও তারা জনসভা জনসমুদ্রে রূপ দিতে পারেনি। ”
ভারত প্রসঙ্গ
তিস্তা নদীর পানি বণ্টন এবং টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
ভারত তিস্তাসহ ৫০টি নদীর উজানে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আন্তঃনদী প্রকল্প করা হচ্ছে। অবশ্যই তিস্তার ন্যায্য পানি দিতে হবে। এই পানি পাওয়া আমাদের অধিকার।
“তাই সরকারকে বলব, তিস্তার পানির বিষয়ে আওয়াজ তুলুন। আমরা আপনাদের পাশে থাকব।”
সরকার ভারতকে ট্রানজিটের নামে করিডোর দিয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “এই ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ কত টাকা আয় হয়েছে, তা আমরা জানতে চাই।”
“একদিন তারা (সরকার) বলেছিল, ট্রানজিট দিলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এখন সিঙ্গাপুর হয়নি, দেশ পিছিয়ে গেছে।”
বিদ্যুতে হরিলুট হচ্ছে
বিদ্যুৎ খাতে ‘হরিলুট’ চলছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে এখন কুইক মানি লুট করছে তারা।”
এ কারণে সরকার ২০ হাজার কোটি টাকা ভুর্তকি দিচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, “এরপরও মানুষ জন বিদ্যুৎ পাচ্ছে না। ঘন ঘন লোডশেডিং হচ্ছে।”
মঙ্গলবার মতিঝিলে ৪ ঘণ্টা বিদ্যুৎ ছিলো না বলে উল্লেখ করেন খালেদা।
তিনি দাবি করেন, চারদলীয় জোট সরকারের আমলে সরকারি ও বেসরকারি খাতে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পিডিবি ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে।
রাষ্ট্রপতির নিরপেক্ষতা
গত ২৫ জানুয়ারি সংসদে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ভাষণকে সরকারের ‘ইশতেহার’ অভিহিত করেন বিরোধীদলীয় নেতা।
“রাষ্ট্রপতির ভাষণে সরকারের গুণকীর্তন ছাড়া কিছুই নেই। জনগণের কথা আসেনি তার বক্তব্যে।”
“এজন্য আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত।”
রাষ্ট্রপতি ভাষণের দিন যে পোশাক পরেন তাকে দলীয় পোশাক অভিহিত করে খালেদা জিয়া বলেন, “এরকম অবস্থায় তিনি নিরপেক্ষতার প্রমাণ রাখেননি।”
জনপ্রশাসন ও বিচার বিভাগ দলীয়করণ করার জন্যও সরকারকে অভিযুক্ত করেন বিরোধীদলীয় নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০০৪ ঘ.
bdnews24