২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানুর আচরণ নিয়ে স্পিকারকে বাপ্পির চিঠি

বিএনপি সাংসদ রেহানা আখতার রানুর আচরণকে অসংসদীয় আখ্যায়িত করে সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সাংসদ রেহানা আখতার রানুর আচরণকে অসংসদীয় আখ্যায়িত করে সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি। সোমবার বিকালে স্পিকার আবদুল হামিদকে দেওয়া চিঠিতে বাপ্পি বলেন, “আমি গত ১৮ মার্চ সংসদের বৈঠক চলার সময় বিরোধী দলের কয়েকজন সাংসদের অসংসদীয় আচরণের শিকার হই। “বিরোধী দলের সাংসদ রেহানা আখতারের বক্তব্যের এক পর্যায়ে শাম্মী আক্তারসহ বিরোধী দলের কয়েকজন পুরুষ সদস্য আমার দিকে তেড়ে আসেন।” “তর্জনী উচিয়ে অকথ্য শব্দ ব্যবহার করে গালিগালাজ করেন এবং শাসান” উল্লেখ করে চিঠিতে বলা হয়, “সংসদের একজন নবীন সদস্য হয়েও আমি জানি তাদের (বিরোধী দলের) এ আচরণ কতটা অসংসদীয়, শিষ্টাচার-পরিপন্থী। টেলিভিশনে সরসারি সম্প্রচারের কল্যাণে দেশবাসী বিরোধী দলের সদস্যদের এ আচরণ দেখেছেন।” চিঠি দেওয়ার পর আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাংসদ বাপ্পি সাংবাদিকদের বলেন, স্পিকার পুরো বিষয়টি জানেন। “তারপরও বিষয়টি রেকর্ডে রাখতে চিঠি দিলাম।” টানান ৭৭ দিনের অনুপস্থিতিতে ছেদ টেনে রোববার খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে ফেরে বিএনপি। এদিন এ দলের সংরক্ষিত নারী আসনের সাংসদ রেহানা আখতারের বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। তার ‘অশালীন ও অসংসদীয় শব্দ’ ব্যবহার করে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জও করেন স্পিকার। উত্তেজনার এক পর্যায়ে ফজিলাতুন্নেসা বাপ্পির দিকে তেড়ে যান রেহানা। এর আগে তার বক্তব্যের সময় বাপ্পি ‘চুপ কর, চুপ কর’ বলে চিৎকার করেন। পরে দুই দলের চিফ হুইপের মধ্যস্ততায় পরিস্থিতি সামাল দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১৪৯ ঘ.