২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি আমলে চালের কেজি ছিল ১৬ টাকা’

চারদলীয় জোট সরকার আমলে চালের কেজি ১৬ টাকা ছিল দাবি করে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, বাজার পরিস্থিতি নিয়ে ‘ভুল’ তথ্য দিচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকার আমলে চালের কেজি ১৬ টাকা ছিল দাবি করে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, বাজার পরিস্থিতি নিয়ে ‘ভুল’ তথ্য দিচ্ছে সরকার। সোমবার সংসদে তিনি বলেন, “বিএনপি (২০০৬ সালে) চালের দাম রেখে এসেছিল ১৬ টাকায়। সে চালের দাম এখন ৪০ টাকা। অথচ প্রধানমন্ত্রী বলছেন, ২২/২৩ টাকায় গ্রামে-গঞ্জে চাল পাওয়া যায়। এটা সত্য নয়। সয়াবিন তেলের দাম বিএনপির আমলে ছিল ৪৮ টাকা, এখন তা ১৩০ টাকা।” “তিন বছরে সরকার দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে পারেনি। বিশ্ববাজারে পণ্যমূল্য বেড়েছে বলে এখন জনগণকে তারা (সরকার) বিভ্রান্ত করছে। বাস্তবতা হচ্ছে, সরকার দেশের বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে,” বলেন আনোয়ার। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য দাঁড়িয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিও জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, তত্ত্বাবধায়কের দাবিতে জনগণকে একট্টা দেখে সরকার ‘জনআতঙ্কে’ ভুগছে। “প্রশাসন দিয়ে মানুষের এই একতাকে রোখা যাবে না। তাই সরকারকে আহ্বান জানাব, নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে জনগণের কাতারে যোগ দিন,” সরকারের প্রতি বলেন তিনি। আনোয়ার বলেন, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যোগ করার দাবিতে আওয়ামী লীগ সংসদ বর্জনসহ ১৭৩ দিন হরতালও করেছিল। “আজ বিএনপি এই দাবি করলেই সরকারের চোখে দোষের হয়।” বিরোধী দলের ওপর সরকার দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে আনোয়ার সংসদে বলেন, “আজ গণতন্ত্র হুমকির মুখে। সরকার কারাগার থেকে খুনি, সন্ত্রাসী ও নির্যাতনকারীদের মুক্ত করে বিরোধী দলকে দমানোর কাজে নামিয়েছে।” নাটোর ও লক্ষীপুরে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের দণ্ড মওকুফের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এর মাধ্যমে রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন।” ১২ মার্চে জনসভায় বাধার সমালোচনা করে সাবেক স্পিকার ও বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ জমিরউদ্দিন সরকার বলেন, “গণতন্ত্রকে রক্ষার স্বার্থে সরকারকে উদার হতে হবে। বিরোধী দলকে তার শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিতে হবে।” জনগণের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আরো সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি। সদ্য বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়া এলডিপির চেয়ারম্যান অলি আহমদ তত্ত্বাবধায়কের দাবি তুলে ধরে বলেন, “যতদিন এক দল আরেক দলকে বিশ্বাস করবে না, ততদিন এদেশে নির্দলীয় সরকার ব্যবস্থা চালু রাখতে হবে। তাই সরকারকে বলব, এই বিল সংসদে নিয়ে আনুন।” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্র্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ জাতীয় নেতাদের সম্মান করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বানও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এমআই/২১৩৫ ঘ.