ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের বিচার শুরুর প্রতিবাদে আগামী ২১ মার্চ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি।
সোমবার এক ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
একদিন আগেই ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় খালেদা জিয়ার ছেলে তারেককে অভিযুক্ত করে ঢাকার একটি আদালত।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকের বিরুদ্ধে এ মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ফখরুল বলেন, “নির্বাচন থেকে তাকে দূরে রাখার নীল নকশার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অভিযোগ গঠন হয়েছে।”
২০০৪ সালের ২১ অগাস্টের ওই হামলার মামলায় বর্তমান সরকার আমলে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকে আসামির তালিকায় যোগ করা হয়, যা গ্রহণ করেছে আদালত।
ফখরুল বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্তের জন্য একজন অবসরপ্রাপ্ত দলীয় পুলিশ কর্মকর্তা কাহ্হার আকন্দকে নিয়োগ দেওয়া হয়। উদ্দেশ্য এই মামলায় তারেক রহমানকে জড়ানো।”
ফখরুল দাবি করেছেন, ওই অভিযোগপত্র ‘মিথ্যা’ এবং তা প্রত্যাহার করতে হবে।
কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ মার্চ বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হবে। সারা দেশেও সেদিন প্রতিবাদ সমাবেশ হবে।
তারেককে পলাতক দেখিয়ে অভিযোগ গঠনের প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। তারেক সাহেবের পক্ষে আবদুর রেজ্জাক খানকে আইনজীবী নিয়োগ দেওয়া হলেও তা বিবেচনায় আনা হয়নি।”
“মঈনুদ্দিন-ফখরুদ্দীন (তত্ত্বাবধায়ক) সরকারের নির্যাতনে তিনি পঙ্গু হয়ে গেছেন। চিকিৎসার জন্য বিদেশে আছেন - এটা জেনেও সরকার এই মামলায় তাকে পলাতক দেখিয়েছে,” বলেন ফখরুল।
তিনি দাবি করেন, ২১ আগস্ট মামলায় জড়াতে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছিল, যা পরে হুজি নেতা পরে প্রত্যাহার করে নিয়েছেন।
“অধিকতর তদন্তের আগে বিচারের সময়ে ৬১ জন সাক্ষীর কেউ তারেক রহমানের নাম বলেনি। কিন্তু কাহ্হার আকন্দ অধিকতর তদন্ত করে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করেন। এ থেকে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট হয়ে পড়েছে,” বলেন ফখরুল।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলায় ২২ আসামির বিরুদ্ধে বিচার শুরু হলেও অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হন তারেকসহ ৩০ জন।
নয়া পল্টনে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন এম কে আনোয়ার, আমানউল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবউন নবী খান সোহেল, হেলেন জেরিন খান, আবদুস সালাম আজাদ, মোরতাজুল করিম, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬৪১ ঘ.
bdnews24