২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদালতের জিজ্ঞাসায় প্রসিকিউশন সুবিধা পাবে’

জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছেন, তার দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের জিজ্ঞাসা প্রসিকিউশনের পক্ষে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছেন, তার দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের জিজ্ঞাসা প্রসিকিউশনের পক্ষে যাবে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিন জামায়াতের আরেক সহকারী সেক্রেটারী জেনারেল মো. কামরুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগেরও শুনানি শুরু হয়েছে। এর আগে মামলার কার্যক্রম স্থগিতে কামরুজ্জামানের আইনজীবীর করা আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল। ১১০ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের চার ভাগের প্রায় তিন ভাগ এদিন উপস্থাপন করে প্রসিকিউশন। মঙ্গলবার বাকি অংশ তুলে ধরা হবে। এছাড়া তদন্ত প্রতিবেদনের অনুলিপি চেয়ে আসামিপক্ষের আইনজীবীর করা অন্য একটি আবেদনও খারিজ করে আদালত। রাজ্জাক দুটি বাংলা দৈনিকের প্রতিবেদন আদালতে তুলে ধরে তিন বিচারকের ট্রাইব্যুনালের উদ্দেশে বলেন, তাদের প্রশ্ন আসামি দোষী হওয়া সম্পর্কে পূর্ব ধারণার প্রমাণ দেয়। আসামিপক্ষের আইনজীবীর উদ্বেগ নাকচ করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন রয়েছে ট্রাইব্যুনাল। তিনি বলেন, “আমাদের কোনো প্রশ্ন বা পদক্ষেপ কোনো পক্ষকে সুবিধা দেবে না।” ‘ পক্ষে যাওয়া’ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনের পর সে বিষয়ে আদালতের প্রশ্ন নিয়ে বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদন তুলে ধরে এদিনের কার্যক্রম শুরু করেন আব্দুর রাজ্জাক। সঠিক জায়গায় খুঁজলে প্রসিকিউশন সাক্ষী পেত বলে আদালত যে পরামর্শ দিয়েছিল তা তুলে ধরেন তিনি। প্রসিকিউশনের দাবি প্রমাণে ১৯৭১ সালে জামায়াতের ছাত্র শাখায় কাদের মোল্লার কমান্ড পজিশনের সত্যতা যাচাইয়ের জন্য শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না তাও জানতে চেয়েছিল আদালত। আব্দুর রাজ্জাক বলেন, এর মাধ্যমে প্রসিকিউশন ভালো প্রস্তুতি নিতে পারবে এবং তাদের মামলা জোরদার করতে কার্যকর সাক্ষী বা তথ্য হাজির করতে পারবে। তিনি বলেন, ট্রাইব্যুনাল তার জিজ্ঞাসায় প্রসিকিউশনকে এমন কিছু পয়েন্ট দিয়েছেন যার মাধ্যমে তারা তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগের মধ্যকার পার্থক্য কমিয়ে আনতে তা ব্যবহার করতে পারে। অবশ্য তার উদ্বেগ নাকচ করে বিচারপতিরা বলেন, আমরা এখন তা গ্রহণ করব না। বিচারপতি হক আসামিপক্ষের আইনজীবীকে বলেন, “আমরা এখানে যা করছি তার সবই একটি বিষয়কে মাথায় নিয়ে করছি এবং তা হলো সত্যকে খুঁজে বের করা। এ ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবী ও প্রসিকিউশন উভয়ই আমাদের সহযোগিতা করছে।” “আপনি নিশ্চিত থাকতে পারেন যে, কেউ সুবিধা পাবে না।” এ সময় ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির বলেন, “এটা হতে পারে। কারণ ওই সব প্রশ্নের কারণে মামলা পরিস্থিতি সম্পর্কে আপনারা ভালোভাবে অবগত হতে পারছেন।” এদিন ট্রাইব্যুনাল নিয়ে পত্রিকার প্রতিবেদন বিষয়েও অসন্তোষ জানায় ট্রাইব্যুনাল। বিচারপতিদের অনেক বক্তব্য কোন প্রেক্ষিতে বলা হয়েছে তা ঠিক না রেখে এবং আংশিক উপস্থাপনের মাধ্যমে ভুল ধারণা দেওয়া বলে মনে করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/২২৪০ ঘ.