২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের সঙ্গে উত্তেজনাও ফিরল সংসদে

টানা ৭৭ কার্যদিবসের অনুপস্থিতির ইতি টেনে রোববার বিএনপি সংসদে ফেরার পরপরই বিরোধীদলীয় সাংসদদের বক্তব্যে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৭৭ কার্যদিবসের অনুপস্থিতির ইতি টেনে রোববার বিএনপি সংসদে ফেরার পরপরই বিরোধীদলীয় সাংসদদের বক্তব্যে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এই উত্তেজনা সৃষ্টি হয়। জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের আশীর্বাদ, বিএনপিকে ‘আইএসআইয়ের অর্থ দেওয়া’, ভারতের কাছ থেকে আওয়ামী লীগের ‘বস্তাভর্তি অর্থ নেওয়া’, তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলা ইত্যাদি বিষয়ে বিএনপি সাংসদরা দেওয়ার সময় সংসদে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিএনপি দলীয় সাংসদ রেহানা আখতারের সঙ্গে আওয়ামী লীগের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পির মুখোমুখি বাদানুবাদ হয়। তারা উভয়ে নিজের আসন থেকে একে অপরকে ‘চুপ’ বলে শাসান। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। এ সময়ে সরকারি ও বিরোধীদলীয় হুইপ দ্রুত ওই গ্যালারিতে এসে পরিস্থিতি সামাল দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে সংসদের হুইপ আ স ম ফিরোজ অভিযোগ করেন, বিএনপি জামায়াতের নির্দেশে পরিচালিত হচ্ছে। জামায়াত ও মৌলবাদীরা যেভাবে বিএনপিকে আকড়ে ধরেছে, দলটি ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এর জবাবে বিএনপি সাংসদ রেহানা আখতার রানু বলেন, “জামায়াত বিএনপিকে চালায় না। বিএনপি চলে দেশনেত্রীর নির্দেশে। যারা এসব কথা বলেন ’৯১ সালের নির্বাচনে তাদের দলের নেত্রী গোলাম আযমের পা ছুঁয়ে দোয়া নিয়েছিলেন।” এ সময় পেছনের সারিতে বসা সরকারি দলের মহিলা সাংসদ বাপ্পি চিৎকার করে এর প্রতিবাদ জানান। তিনি বলেন, “এগুলো মিথ্যা কথা। চুপ, মিথ্যা বলবি না।” তখন রানুর সারিতে বসা বিএনপিদলীয় সাংসদ শাম্মী আখতার পেছনের সারিতে বসা বাপ্পিকে উল্টো ‘চুপ’ বলে চিৎকার করেন। এ সময়ে বিএনপি দলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বরকত উল্লাহ বুলু, আবুল খায়ের ভুঁইয়া, আশরাফ উদ্দিন নিজান ও সরকারি দলের সাংসদ আসলামুল হকসহ কয়েকজন ছুটে গিয়ে তাদের শান্ত হওয়ার অনুরোধ জানায়। পরে সংসদের প্রধান হুইপ আবদুস শহীদ ও বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এসে দুই নারী সাংসদকে নিজ নিজ আসনে বসার অনুরোধ জানান। বিকাল ৫টা ৫৮ মিনিট থেকে ৫ মিনিট এ উত্তেজনা ছিলো। এর আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারের ‘ব্যর্থতা’, নির্দলীয় নিরপেক্ষ সরকার, বিএনপির ১২ মার্চের মহাসমাবেশে বাধা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের টাকা নেওয়া এবং দ্য ইকোনোমিস্টে প্রকাশিত আওয়ামী লীগের ভারতের কাছ থেকে অর্থ নেওয়া প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি বলেন, “নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন আমাদের দলের দাবি নয়, এটি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।” “আমরা আশা করব, বিরোধীদলীয় নেতা এই দাবি পূরণে ৯০ দিনের সময় দিয়েছেন, তা সরকার দায়িত্বশীলতার সঙ্গে গ্রহণ করবেন।” রেহানা আখতার রানু বলেন, “রাষ্ট্রপতির ভাষণে দেশের সমস্যা উঠে আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বক্তব্য রাষ্ট্রপতি তোতা পাখির মতো পড়েছেন।” সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যার জন্য প্রধানমন্ত্রীকে সরাসরি দায়ী করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নিজেই হত্যাকারীদের আশ্রয় দিয়েছেন।” রানু তার বক্তব্যে প্রধানমন্ত্রীসহ সরকারকে কটাক্ষ করে কিছু মন্তব্যও করেন। রানুর বক্তব্যের সময় স্পিকার বলেন, “অসংসদীয় আপত্তিকর শব্দ বাদ দেওয়া হবে।” বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক অভিহিত করে তার বিরুদ্ধে সরকারের মামলা দায়েরকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন। এ সময়ে সরকারি দলের সাংসদরা হৈ হৈ করে চিৎকার করেন। তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক কর্মকর্তার সাক্ষ্যকে ইঙ্গিত করে তিনি বলেন, “তারেক জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য যুক্তরাষ্ট্র থেকে এক বুড়ি সাদা চামড়ার শয়তান মহিলা ভাড়া করে আনা হয়েছে।” প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে কোটি কোটি টাকার ব্যবসা করছে উল্লেখ করে রানু বলেন, “একদিন এর বিচার হবে।” রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রথম সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ বক্তব্য রাখেন। তিনি সরকারের সাফল্য ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের কার্যক্রম তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/পিডি/১৯২২ ঘ.