ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে অচলাবস্থার দ্রুত সমাধান করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিতর্কিত টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে জরিপ কাজে বাংলাদেশি বিশেষজ্ঞদের রাখার দাবিও জানান তিনি।
ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার পঙ্কজ শরণ রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী তার কাছে এই সব বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান।
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভারতের লোকসভায় স্থল সীমানা চুক্তি অনুমোদন করিয়ে নিতেও বলেন তিনি।
শেখ হাসিনা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপে যথাযথ সাড়া দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান ।
পরিবেশ ও বাস্তুসংস্থানের জন্য ক্ষতিকর বাধ নির্মাণ বন্ধেও অনুরোধ জানান তিনি।
মুক্তিযুদ্ধে ভারত ও সে দেশের জনগণের অবদানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন দুই দেশের সম্পর্ক এখন ভালো।”
আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে শেখ হাসিনা তার সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পঙ্কজকে বাংলাদেশে তার দায়িত্ব পালনের সময় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বছরের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। তিনি ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে ভবন নির্মাণের নীতিমালা কঠোর ভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৯০১ ঘ.
bdnews24