ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৭৭ দিন বর্জনের পর সংসদে ফিরেছে বিএনপি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের ফেরার এই দিনে অধিবেশনে রয়েছেন সংসদ নেতা শেখ হাসিনাও।
রোববার বিকালে খালেদা জিয়ার সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠকে বিএনপির সংসদে ফেরার সিদ্ধান্ত হয়। এর পরপরই বিকাল ৫টা ১২ মিনিটে খালেদার নেতৃত্বে অধিবেশন কক্ষে ঢোকেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করছেন। তিনি বিরোধী দলের সংসদ সদস্যদের স্বাগত জানান; যদিও বিএনপি বলে আসছে, তিনি নিরপেক্ষ নন।
স্পিকার বলেন, “আমি বিরোধী দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব, আপনারা সংসদে থেকে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে ভূমিকা রাখবেন।”
বিএনপি ৭৭ দিন পর সংসদ অধিবেশনে ফিরলেও দলের চেয়ারপারসন সংসদে যোগ দিলেন ৮৩ কর্মদিবস পর।
খালেদাসহ বিরোধী সদস্যরা পশ্চিম দিক দিয়ে অধিবেশন কক্ষে ঢোকেন, তখন কোরআন তেলাওয়াত চলছিল।
বিএনপির সঙ্গে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির অলি আহমদ, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ এবং জামায়াতে ইসলামীর এ এ এম শামসুল ইসলাম ও হামিদুর রহমান আযাদও অধিবেশনে যোগ দিয়েছেন।
অধিবেশনে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মওদুদ আহমদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, জয়নুল আবদিন ফারুক, বরকতউল্লাহ বুলু, নজরুল ইসলাম মঞ্জু, মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, জাফরুল ইসলাম চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুল মমিন তালুকদার, আবুল খায়ের ভুঁইয়া, আশরাফউদ্দিন নিজানসহ ৩৩ জন।
যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সৌদি আরবে অবস্থানকারী মোফাজ্জল হোসেন কায়কোবাদ বৈঠকে অনুপস্থিত রয়েছেন।
৩৫০ আসনের সংসদে বিএনপিসহ বিরোধী দলের সদস্য সংখ্যা ৩৯ জন।
বিরোধী দলের সদস্যদের ঢোকার সময় সরকারি দলের সদস্যরা ছিলেন নিশ্চুপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাতীয় পার্টির এইচ এম এরশাদ অধিবেশন কক্ষে রয়েছে।
গত বছরের ২৪ মার্চ বিএনপি সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল। সংসদে যোগ দেওয়ার ‘পরিবেশ’ নেই দাবি করে তারা অধিবেশন বর্জন করে আসছে।
তবে চলতি অধিবেশনে যোগ দেওয়ার ইঙ্গিত আগেই দিয়ে আসছিলেন বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাও বলেন, “সংসদে যাওয়ার পক্ষে বিএনপি। কিন্তু সরকারি দলের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যে সংসদের পরিবেশ এমন পর্যায় পৌঁছেছে যে বিএনপির পক্ষে সংসদ থাকা কঠিন হয়ে পড়ে।”
আইন অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে একজন সংসদ সদস্যের সদস্য পদ শূন্য হয়ে যায়। সংসদ সদস্য পদ টিকিয়ে রাখতে হলে তাই আর সাত কার্যদিবসের মধ্যে বিরোধী দলকে অধিবেশনে ফিরতে হত।
বিএনপি সংসদে ফিরতে যাচ্ছে- এই খবরের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘বেতন-ভাতার সুবিধা’ রাখতেই বিরোধী দল সংসদে ফিরতে যাচ্ছে।
তবে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বলেন, জনগণের সমস্যা নিয়ে কথা বলতেই তারা সংসদে ফিরতে চান।
স্পিকার আবদুল হামিদ নিরপেক্ষ নন- দাবি করে তিনি বলেন, “স্পিকারকে বলব, সংসদে বিরোধী দলকে কথা বলতে দিন। সংসদের পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সেই ব্যবস্থা নিন।”
বিরোধী দলের সদস্যদের কথা বলতে না দিলে আমরা সংসদে থাকব না,” এটাও বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩২ ঘ.
bdnews24