২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

এই বৈঠকেই বিএনপির সংসদে ফেরার সিদ্ধান্ত হবে বলে দলীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন। গত বছরের ২৪ মার্চ বিএনপি সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। রোববার বিকাল ৪টা ১৬ মিনিটে সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার সভা কক্ষে এই সভা শুরু হয়েছে। সভায় সংসদে ফেরার সিদ্ধান্তই হবে বলে বিএনপি নেতারা ইঙ্গিত দিয়ে আসছেন। বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসদীয় দলের সভায় বিএনপির দুজন ছাড়া সবাই উপস্থিত আছেন। শরিক দলের সবাইও এসেছেন। খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠকে বিএনপির সংসদ সদস্যরা ছাড়াও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির অলি আহমদ, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ এবং জামায়াতে ইসলামীর এ এ এম শামসুল ইসলাম ও হামিদুর রহমান আযাদ অংশ নিচ্ছেন। বিএনপির সংসদ সদস্য রয়েছেন মওদুদ আহমদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, জয়নুল আবদিন ফারুক, বরকতউল্লাহ বুলু, নজরুল ইসলাম মঞ্জু, মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, জাফরুল ইসলাম চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুল মমিন তালুকদার, আবুল খায়ের ভুঁইয়া, আশরাফউদ্দিন নিজানসহ ৩৩ জন। যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সৌদি আরবে অবস্থানকারী মোফাজ্জল হোসেন কায়কোবাদ বৈঠকে অনুপস্থিত রয়েছেন। ৩৫০ আসনের সংসদে বিএনপিসহ বিরোধী দলের সদস্য সংখ্যা ৩৯ জন। গত বছরের ২৪ মার্চ বিএনপি সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল। সংসদে যোগ দেওয়ার ‘পরিবেশ’ নেই দাবি করে তারা অধিবেশন বর্জন করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালেই সাংবাদিকদের বলেন, সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি তুলে ধরবে। “সংসদে গিয়ে বিএনপির ভূমিকা হবে জনগণের পক্ষে কথা বলা। সংসদে যাওয়ার পক্ষে বিএনপি। কিন্তু সরকারি দলের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যে সংসদের পরিবেশ এমন পর্যায় পৌঁছেছে যে বিএনপির পক্ষে সংসদ থাকা কঠিন হয়ে পড়ে,” বলেন তিনি। আইন অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে একজন সংসদ সদস্যের সদস্য পদ শূন্য হয়ে যায়। সংসদ সদস্য পদ টিকিয়ে রাখতে হলে তাই আর সাত কার্যদিবসের মধ্যে বিরোধী দলকে অধিবেশনে ফিরতে হবে। বিএনপি সংসদে ফিরতে যাচ্ছে- এই খবরের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘বেতন-ভাতার সুবিধা’ রাখতেই বিরোধী দল সংসদে ফিরতে যাচ্ছে। তিনি সংসদ কার্যকর রাখতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেছেন। তবে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বলেন, জনগণের সমস্যা নিয়ে কথা বলতেই তারা সংসদে ফিরতে চান। স্পিকার আবদুল হামিদ নিরপেক্ষ নন- দাবি করে তিনি বলেন, “স্পিকারকে বলব, সংসদে বিরোধী দলকে কথা বলতে দিন। সংসদের পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সেই ব্যবস্থা নিন।” বিরোধী দলের সদস্যদের কথা বলতে না দিলে আমরা সংসদে থাকব না,” এটাও বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২৫ ঘ.