ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুটি দুর্নীতি মামলার অভিযোগ গঠন পিছিয়েছে।
রোববার শুনানির নির্ধারিত দিনে খালেদার আইনজীবীদের সময়ে আবেদনে দুটি মামলারই পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ২৯ এপ্রিল।
দুর্নীতি দমন কমিশনের করা এই দুটি মামলায়ই বিএনপি চেয়ারপারসন জামিনে রয়েছেন।
‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি’ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির নতুন তারিখ ঠিক করেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আক্তারুজ্জামান।
গত ১৬ জানুয়ারি মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন ।
তদন্ত কর্মকর্তা এ মামলায় খালেদা জিয়া, তার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে অভিযুক্ত করেন।
গত বছরের ৮ অগাস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে তেজগাঁও থানায় মামলা দায়ের করেছিলেন দুদক কর্মকর্তা হারুনুর রশিদ।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।
অভিযোগপত্রে আরও বলা হয়, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অর্থ এসেছে অবৈধ উৎস থেকে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ গঠন পিছিয়ে ২৯ এপ্রিল তারিখ ঠিক করেন ঢাকার মহানগর জজ মোজাম্মেল হোসেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রমনা থানার এ মামলায় খালেদার পাশাপাশি আসামি করা হয় তার ছেলে তারেক রহমানসহ মোট ছয় জনকে। ২০০৯ সালের ৫ অগাস্ট দুদক আদালতে অভিযোগপত্র দেয়।
এতে বলা হয়, এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংকের মাধ্যমে এতিমখানার জন্য আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মামলার আসামিরা।
এ মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামালউদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪৪০ ঘ.
bdnews24