২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই নম্বর পথে এসেছে আ. লীগই'

বিএনপির নয়, আওয়ামী লীগেরই ‘দুই নম্বর’ পথে ক্ষমতায় যাওয়ার ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নয়, আওয়ামী লীগেরই ‘দুই নম্বর’ পথে ক্ষমতায় যাওয়ার ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছে উল্লেখ করে বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ ১/১১ তে মঈনুদ্দিন-ফখরুদ্দিনের সহযোগিতা নিয়ে ক্ষমতায় বসেছে।” “দুই নম্বর পথে ক্ষমতায় যাওয়ার ইতিহাস বিএনপির নয়, আওয়ামী লীগেরই আছে”, যোগ করেন তিনি। বুধবার বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ১৪ দল আয়োজিত জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “দুই নম্বর পথে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। সেই ব্যবস্থা করা হয়েছে।” প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করতে এসব ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বক্তব্য দিয়েছেন- এমন অভিযোগ করে ফখরুল বলেন, “আমরা তার এ রকম মিথ্যাচারের নিন্দা জানাই।” প্রধানমন্ত্রীর বক্তব্যের ভাষা গণতান্ত্রিক রীতিনীতি ও শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “এরকম বক্তব্য চলমান সংকট উত্তরণে সাহায্য করবে না। সংকট আরো জটিল করবে বলে আমরা মনে করি।” ‘প্রমাণ দেখান’ বিএনপি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচন করেছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেকে ভিত্তিহীন অভিহিত করে এর পক্ষে প্রমাণ দেওয়ার দাবি জানান ফখরুল। “প্রধানমন্ত্রীকে বলব, যদি এ সংক্রান্ত প্রমাণ থাকে- তাহলে তা উপস্থাপন করুন। বিএনপি কিংবা আমাদের নেত্রী কখনোই বিদেশ থেকে অর্থ নিয়ে রাজনীতি করেননি, নির্বাচন করেনি।” বরং প্রধানমন্ত্রীই অতীতে দীর্ঘ সময় ভারতে অবস্থান করেছেন- এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “লন্ডনের ইকোনমিস্ট পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ভারত থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে নির্বাচন করেছে।” “শুধু তাই নয়, দেশে কথিত ব্যর্থ অভ্যুত্থানের সংবাদ প্রকাশের পর ভারতের আনন্দবাজার পত্রিকায় শিরোনাম হয়েছিল,- দিল্লী শেখ হাসিনার পাশে থাকবে। তাই কারা বিদেশ থেকে অর্থ নিয়ে নির্বাচন করেন, রাজনীতি করেন, তা দেশের মানুষ ভালো করেই জানে”, যোগ করেন ভারপ্রাপ্ত মহাসচিব। পাকিস্তানে যাওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতাকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলায় মির্জা ফখরুল বলেন, “এই দেশটা কারো পৈত্রিক সম্পত্তি নয়। এই দেশের মানুষের থাকাটা তাদের জন্মগত অধিকার। কাউকে পাঠিয়ে দেওয়ার অধিকার দেশের জনগণ কাউকে দেয়নি।” বুধবার ১৪ দলের জনসভায় বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, তিনি যে দেশ থেকে টাকা নিয়েছেন, সেই দেশেই তার চলে যাওয়া উচিৎ। এর প্রতিবাদে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীকে বলব, এ রকম অশ্লীল ভাষায় কথা বলা থেকে বিরত থাকুন।” নিদর্লীয় সরকার আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না মন্তব্য করে ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের দাবি এখন শুধু বিএনপির নয়, জনগণের দাবিতে পরিণত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তুলে দিয়ে আওয়ামী লীগ সংকট সৃষ্টি করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশের মঙ্গল চাইলে তাদেরই (সরকার) নির্দলীয় সরকারের বিল এনে সমাধান করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬১০ ঘ.