২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলা‘বাবরের চাপেই তদন্ত কমিটিতে রেজ্জাকুল’

ট্রাক অস্ত্র আটকের ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটিতে ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক রেজ্জাকুল হায়দারকে মনোনীত করা হয় বলে আদালতে বলেছেন ওই গোয়েন্দা সংস্থার তৎকালীন মহাপরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ‘চাপেই’ ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটিতে রেজ্জাকুল হায়দারকে মনোনীত করা হয় বলে আদালতে বলেছেন ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক সাদিক হোসেন রুমি। বৃহস্পতিবার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটকের ঘটনায় সাক্ষ্য দিতে গিয়ে ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুমি আদালতে এ কথা বলেন। সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র আটকের পর ২০০৪ সালের ২ এপ্রিল দুপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ পরিদর্শন করেন তিনি। সাদিক হোসেন রুমি বলেন, “পরিদর্শন শেষে দামপাড়ায় এক বৈঠকে বাবর সাহেব বলেন, কমিটি করে ঘটনার তদন্ত করা হবে এবং তদন্ত কার্যক্রম পরিচালনা থেকে আমাকে বিরত থাকতে বলেন তিনি।” “সভার আলোচনায় বুঝতে পারি, এটি ছোটখাট কোনো চোরাচালান নয়, এর সঙ্গে উর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকতে পারেন,” বলেন তিনি। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক প্রধান বলেন, পরদিন (৩ এপ্রিল, ২০০৪) সকালে অস্ত্র গোলাবারুদ পরিদর্শন সম্পর্কে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জানানো হয়। তিনি একটি তদন্ত কমিটি করা হবে বলে জানান। সেখানে একজন প্রতিনিধি দেওয়ার নির্দেশও দেন তিনি। “ওই দিন দুুপুরে বাবর সাহেব ফোন করে ডিজিএফআই’র তৎকালীন পরিচালক (সিবিআই) রেজ্জাকুলকে প্রতিনিধি মনোনীত করতে বলেন। আমি অন্য কাউকে করার অনুরোধ করি। উনি বারবার চাপ দিলে রেজ্জাকুলকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিই,” বলেন রুমি। আদালতে সাদিক হাসান রুমি ১০ ট্রাক সমপিরমাণ অস্ত্র আটকের ঘটনায় করা অস্ত্র ও চোরাচালান উভয় মামলায় সাক্ষ্য দেন। ডিজিএফআই’র তৎকালীন পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী পরবর্তীতে এনএসআই’র মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে এই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। সাক্ষ্যে তৎকালীন ডিজিএফআই প্রধান বলেন, “সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের নেতৃত্বে গঠিত সরকারি কমিটির তদন্তের অগ্রগতি সম্পর্কে রেজ্জাকুলকে জানাতে বললেও ডিজিএফআইয়ের প্রধান হিসেবে সে আমাকে তা জানায়নি।” তিনি বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের দামপাড়ায় পরিদর্শনের সময় ডিজিএফআইয়ের সেখানকার ফিল্ড স্টাফরা জানিয়েছিলেন, এ ঘটনার সঙ্গে এনএসআইয়ের কিছু কর্মকর্তা ও রেজ্জাকুল হায়দার জড়িত থাকতে পারেন।” “রেজ্জাকুলের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়–য়ার যোগাযোগ রয়েছে বলে ডিজিএফআই’র ফিল্ড স্টাফরা জানিয়েছিলেন,” বলেন রুমি। ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলার ষষ্ঠ সাক্ষী সাদিক হাসান আদালতে সাক্ষ্য দেওয়ার পর রেজ্জাকুলের আইনজীবী কামরুল ইসলাম তাকে জেরা শুরু করেন। এর পরপরই আদালতের কার্যক্রম ৩ এপ্রিল পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) অধীন সিইউএফএল’র সংরক্ষিত জেটি ঘাটে খালাসের সময় ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি পৃথক মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এমআই/২০৪৬ ঘ.