ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২১ মার্চ যুক্তি দেখাবে প্রসিকিউশন।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই দিন ঠিক করে দেন।
প্রসিকিউটর হায়দার আলী অভিযোগের প্রতিবেদন উপস্থাপন শেষ করলে বিচারক অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশনের যুক্তি শোনার জন্য ২১ মার্চ দিন রাখেন।
প্রসিকিউশন গত ১১ ডিসেম্বর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় জামায়াত আমীরের বিরুদ্ধে।
গত ৯ জানুয়ারি এ অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় গ্রেপ্তার করা হয় নিজামীকে। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩৪২ ঘ.
bdnews24