ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যত অচল হয়ে পড়া রাজধানীর রাস্তাঘাট ফাঁকা থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাড়ছে নেতাকর্মীদের ভিড়।
সকাল থেকেই ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যালয়ে আসেন জাতীয় শ্রমিক লীগ, সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি দলীয় সংসদ সদস্যরা সেখানে রয়েছেন।
ওই এলাকার প্রায় সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও স্বাভাবিক রয়েছে।
বেলা ১১টার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ এবং আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীমকে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে থাকতে দেখা গেছে।
এ সময় মায়া উপস্থিত সাংবাদিকদের বলেন, কেউ যেনো কোনো এলাকাতেই ভাঙচুরসহ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে- সেজন্য ঢাকার প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে।
মায়া বলেন, “যে অবস্থা দেখছি- এটা তো সন্ত্রাসীদের সমাবেশ হতে যাচ্ছে।”
আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণে জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার ও সাধারণ সম্পাদক রায় রমেশ এবং কার্যালয়ের বিপরীতে রমনা ভবনের সামনে দলীয় সাংসদ আসলামুল হক আসলামকে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে বসে থাকতে দেখা গেছে।
‘যানবাহন বন্ধের নির্দেশ সরকারের নয়’
সরকারের তরফ থেকে যানবাহন বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, “বিরোধী দল গত দুই সপ্তাহ ধরে বক্তৃতা-বিবৃতি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। সেজন্যই সাধারণ জনগণ তাদের যানবাহন রাস্তায় নামায়নি। সরকারের তরফ থেকে যানবাহন বন্ধের কোনো ধরনের নির্দেশ দেওয়া হয়নি। বরং আমরা জনজীবন স্বাভাবিক করতে চাচ্ছি।”
বিএনপি কর্মসূচির নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে- এমন দাবি করেন তিনি বলেন, “সেজন্য সরকারি দলের দায়িত্ব রয়েছে সরকারকে সহায়তা করা। আমরা সে দায়িত্বই পালন করছি।”
বিএনপির মিছিলে ধাওয়া
দুপুর ২টার দিকে আওয়ামী লীগ অফিসের পাশ দিয়ে বিএনপির একটি মিছিল মহাসমাবেশে যাওয়ার সময় এতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ধাওয়া দেয়। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের পশ্চিমে নর্থসাউথ রোডে বড় আকারের একটি ছুরিসহ বিল্লাল নামে একজনকে আটক করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৩৩৭ ঘ.
bdnews24