২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ছাড়ছেন বিএনপি নেতা-কর্মীরা

ঢাকায় চারদলীয় জোটের মহাসমাবেশে অংশ নিতে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় চারদলীয় জোটের মহাসমাবেশে অংশ নিতে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা। বাস-ট্রেন রিজার্ভ করে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে অথবা এককভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র নেতা-কর্মীরা। ইতিমধ্যে চট্টগ্রামের অনেক জ্যেষ্ঠ বিএনপি নেতাই দলীয় নেতা-কর্মীদের তত্ত্বাবধানের জন্য ঢাকা চলে গেছেন। শুক্রবার বিকাল থেকেই দলীয় কর্মীরা জোটবদ্ধভাবে যাবার পরিকল্পনা বদলে স্থানীয় উদ্যোগে এককভাবে যাওয়া শুরু করেছেন বলে জানান বিএনপিনেতারা। ১২ মার্চ ঢাকায় সুনির্দিষ্ট কোনো একটি স্থান থেকেই তারা একত্রিত হয়ে নয়াপল্টনের মহাসমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুক্রবার বিকাল থেকেই মেইল ও আন্তঃনগর ট্রেন ও বাসে করে ঢাকায় যাওয়া শুরু করেছেন।” রোববার রাত পর্যন্ত দক্ষিণের বিএনপিকর্মীরা নানাভাবে ঢাকায় যাবেন উল্লেখ করে তিনি জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে পাঁচ সহস্রাধিক লোক ঢাকায় যাচ্ছে। সরকারের ‘নেতিবাচক’ মানসিকতার কারণে বাস রিজার্ভ করার বদলে ছোট দল বা এককভাবে টিকিট কেটে ট্রেনে অথবা বাসে বিএনপিকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। ইতিমধ্যে দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল ঢাকায় চলে গেছেন। রোববার সকালে সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী ঢাকায় যাবেন। তারা ঢাকায় চট্টগ্রাম থেকে আসা দলীয়কর্মীদের দেখভাল করবেন। উত্তর জেলার কর্মীরাও ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়া শুরু করেছেন উল্লেখ করে সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেন-বাস-মাইক্রোবাস-প্রাইভেট কারে নেতাকর্মীরা ঢাকা যাওয়া শুরু করেছেন। কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না।” ঢাকায় উত্তর জেলা থেকে আট হাজারের মতো কর্মী অংশ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা মহানগরের শাপলা চত্বর থেকে একত্রিত হয়ে আমরা মহাসমাবেশে অংশ নেব। তিনি রোববার সকালে যাবেন উল্লেখ করে বলেন, সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঢাকায় আছেন। এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুুদ চৌধুরী শনিবার রাতেই ঢাকায় গেছেন আর চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেশ কয়েকদিন আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন। এই দুই নেতার অনুসারী বিএনপিকর্মীরা পৃথকভাবে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশি হয়রানি করে সরকার আমাদের ঢাকার সমাবেশে যাওয়া ঠেকাতে পারবে না। বিএনপিকর্মীরা শুক্রবার থেকেই চট্টগ্রাম ছাড়া শুরু করেছে, শনিবারও যাচ্ছে, রোববারও যাবে।” ঢাকার শাপলা চত্বরে একত্রিত হয়ে চট্টগ্রামের বিএনপিকর্মীরা মহাসমাবেশে অংশ নেবে বলে জানান তিনি। নগর বিএনপি’র পক্ষ থেকে ১০ হাজারের বেশি নেতা-কর্মী সমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে। নগর বিএনপি’র আবদুল্লাহ আল নোমানের অনুসারী কর্মীরাও পৃথক ব্যবস্থায় মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় যাচ্ছেন। নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজস্ব উদ্যোগে মহানগর বিএনপিকর্মীরা ঢাকায় যাচ্ছেন। ঢাকার সেগুনবাগিচায় একত্রিত হয়ে তারা সমাবেশে অংশ নেবেন। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার দাবিতে এ মহাসমাবেশের কর্মসূচি গত ৯ জানুয়ারি চট্টগ্রামের এক সমাবেশ থেকেই ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ সমাবেশের আগে প্রশাসনের অলিখিত নির্দেশ, হয়রানি এবং নিরাপত্তার কারণে রবি ও সোমবার ঢাকার সঙ্গে দূর পাল্লার বাস বন্ধ রাখছেন পরিবহন মালিকরা। যদিও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বাস বন্ধ রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/০০১১ ঘ.