ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সম্প্রসারণ ও নতুন কর্মসূচি চূড়ান্ত করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৯টায় এই বৈঠক হবে খালেদার গুলশান কার্যালয়ে।
বুধবার রাতে জোট শরিক, সমমনা দল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে খালেদার বৈঠকের পর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
বৈঠকে জোট সম্প্রসারণ ও নতুন কর্মসূচি বিষয়ে আলোচনা হয়। রাত পৌনে ৯টা থেকে ১২টা পর্যন্ত শরিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান সাংবাদিকদের বলেন, “জোট সস্প্রসারণের খসড়া ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে। আমরা কিছু পরামর্শ দিয়েছি। আগামী ১২ মার্চ চারদলীয় জোট সম্প্রসারণের ঘোষণা আসবে।”
অপর শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, “নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সরকারকে আল্টিমেটাম দেওয়া হবে কি না, আগামী মাসে কী কী কর্মসূচি দেওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
আগামী ১২ মার্চ নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ করবে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/জেকে/১১৫৫ ঘ.
bdnews24