২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গিরা ঢাকায়’

বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীতে ভিড়তে শুরু করেছে বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীতে ভিড়তে শুরু করেছে বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। গোয়েন্দা সংস্থাগুলো থেকে তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, ১২ মার্চের কর্মসূচিকে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন জঙ্গি গ্রুপ ঢাকায় আসতে শুরু করেছে। “আপনারা (বিএনপি নেতৃবৃন্দ) কি গ্যারান্টি দিতে পারবেন যে তারা কোনো নাশকতা করবে না? জঙ্গি সংগঠনগুলো নিয়ন্ত্রণের ক্ষমতা আপনাদের নেই।” দেশে এখন জঙ্গি তৎপরতা নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের মধ্যেই আইন প্রতিমন্ত্রীর এই কথা বললেন। চারদলীয় জোট সরকারের আমলে জঙ্গি সংগঠনগুলোর উত্থানের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতারা এতদিন বলে আসছিলেন, বিএনপি জঙ্গিদের নিয়ন্ত্রণ করে। তবে আইন প্রতিমন্ত্রী সন্দেহ প্রকাশ করলেন, জঙ্গিদের নিয়ন্ত্রণের ক্ষমতা বিএনপির নেই। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ১২ মার্চ ঢাকায় সমাবেশ ডেকেছেন খালেদা জিয়া, যাতে বিএনপির জোটসঙ্গীসহ সমমনা দলগুলো অংশ নেবে। বিএনপি অভিযোগ করেছে, সারাদেশ থেকে সমাবেশে আসতে চাওয়া নেতা-কর্মীদের হোটেল কক্ষ ভাড়া না দিতে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। এর জবাবে কামরুল বলেন, “১২ তারিখ আসতে এখনো সাত দিন বাকি। এত আগে থেকে ঢাকার হোটেল দখল করার কারণ কী থাকতে পারে?” বিরোধী দল জনসভার নামে পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ১২ মার্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের ঢাকা কমিটির নেতা কামরুল। গণগ্রন্থাগারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ওই আলোচনা সভায় কামরুল আরো বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিরোধী দল কর্মসূচি পালন করছে। আলোচনা সভায় বঙ্গবন্ধু জোটের সহসভাপতি পীযূষ বন্দোপাধ্যায়, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/এমআই/১৫৩০ ঘ.