২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন: নেতিবাচক ইঙ্গিত দিল বিএনপি

বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশ নেওয়া বিষয়ে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশ নেওয়া বিষয়ে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন নির্বাচন কমিশনেক ‘অসাংবিধানিক’ অভিহিত করে তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এটি করেছে। “একইভাবে ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) সম্পূর্ণ বেআইনিভাবে সরকার দুই ভাগ করেছে। সেজন্য বিভক্ত ডিসিসি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম।” বিকালে শেরে বাংলানগরে প্রায়ত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গত নভেম্বরে স্থানীয় সরকার আইন সংশোধনের মাধ্যমে ডিসিসিকে উত্তর ও দক্ষিণ ভাগে ভাগ করা হয়। মঙ্গলবার সংসদে পাস হওয়া এক বিল অনুযায়ী আগামী মে মাসে কর্পোরেশন নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচন করবে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন যা গঠিত হয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর রাষ্ট্রপতির করা সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে। কমিটির বক্তব্য অনুযায়ী, নামগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া। মির্জা ফখরুল বলেন, “নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সরকার সিদ্ধান্ত না নিয়ে অসাংবিধানিকভাবে নতুন ইসি গঠন করা হয়েছে। এর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” স¤প্রতি অনুষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতিসহ ১৫টি পদে বিজয়ী কর্মকর্তাদের নিয়ে মির্জা ফখরুল জিয়াউর রহমানের কবরে ফুল দেন। গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি মো. বোরহান উদ্দিনসহ ১৫ জন প্রার্থী বিভিন্ন পদে বিজয়ী হন। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন সর্ম্পকে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে আমাদের নেত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ইভিএমে ভোট কারচুপির সম্ভাবনা বেশি। তাই আমরা এই মেশিনে ভোট হলে তাতে অংশ নেব না।” এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন সাবেক নির্বাচন কমিশন ২০১০ সাল থেকে কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে পর্যায়ক্রমে ইভিএমে ভোট গ্রহণ শুরু করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ইভিএম ব্যবহারের পক্ষে ছিল ওই কমিশন যা নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে কমিশন। রাজনৈতিক দলগুলো পর্যায়ক্রমে নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে মত দেয়। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারী এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ফখরুল। হত্যাকারী গ্রেপ্তারে সাংবাদিকদের ঐক্যবদ্ধ কর্মসূচির সঙ্গে সংহতিও প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে নিজেদের বাসায় খুন হন সাগর ও রুনি। পুলিশ হত্যার ‘কারণ’ জেনেছে বললেও গণমাধ্যমে তা জানায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারও হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩৪ ঘ.