ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দান বা মানিক মিয়া এভিনিউ ব্যবহারের অনুমতি না পাওয়ায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কেই ১২ মার্চ মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা এই ঘোষণা দেন।
তিনি বলেন, “মহাসমাবেশ করার জন্য আমরা পল্টন ময়দান ও মানিক মিয়া এভিনিউ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, অনুমতি দেবে না। এ জন্য আমরা নয়া পল্টনেই মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছি।”
সর্বশেষ ২০১০ সালের ১ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে জনসভা করেছিল বিএনপি। এরপর দলটি আরো কয়েকবার ওই মাঠ ব্যবহারের অনুমতি চাইলেও পায়নি। মানিক মিয়া এভিনিউয়েও দীর্ঘদিন বিএনপির কোনো জনসভা হয়নি।
সা¤প্রতিক সময়ে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির অধিকাংশ বড় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মহাসমাবেশের পরিকল্পনা ব্যাখ্যা করে খোকা জানান, মতিঝিলের মধুমিতা সিনেমা হল থেকে শাহবাগ, পুরান ঢাকার নবাবপুর থেকে মালিবাগ মোড়সহ আশপাশের সড়ক ও অলিগলিতে মানুষজন অবস্থান নেবে।
গত ৯ জানুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউণ্ড থেকে ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সে অনুযায়ী ১২ মার্চ ঢাকায় এই মহাসমাবেশ করতে ইতোমধ্যে সারাদেশে প্রচার শুরু করেছে দলটি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে খোকা অভিযোগ করেন, “মহাসমাবেশের প্রস্তুতিতে ঢাকায় প্রতিনিয়ত বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার। মহল্লা-পাড়া-ওয়ার্ডে প্রচার-প্রচারণায় ও মাইকিংয়ের অনুমতি এখনো আমরা পাইনি। সরকারের মন্ত্রীরাও উস্কানিমূলক বক্তব্য রেখে আতঙ্ক সৃষ্টি করছেন, যাতে মহাসমাবেশে লোকজন কম হয়। নেতা-কর্মীদের বাসায় বাসায় তল্লাশি করে হুমকি দেওয়া হচ্ছে।”
মহাসমাবেশ উপলক্ষে ঢাকার বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে কমিউনিটি সেন্টার ভাড়া করা হচ্ছে জানিয়ে খোকা বলেন, “তাতেও বাধার সৃষ্টি করা হচ্ছে।”
এই বিএনপি নেতার আশা, ১২ মার্চের কর্মসূচি হবে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ।
“সেদিন সারাদেশ থেকে আসা মানুষের ঢলে ঢাকা সয়লাব হয়ে যাবে”, যোগ করেন ঢাকার সাবেক মেয়র খোকা।
এ মহাসমাবেশের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, “সরকার পতন নয়, আমরা মনে করি, এই মহাসমাবেশের মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে।”
তিনি এই মহাসমাবেশ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি এবং রাজধানীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও মাইকের মাধ্যমে প্রচার চালানোর অনুমতি দিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অন্যদের মধ্যে বিএনপির মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, মহানগর যুগ্ম আহবায়ক, কাজী আবুল বাশার, শামসুল হুদা, এম এ মজিদ, মোহাম্মদ মোহন, আবদুল আলীম নকি, আনোয়ারুজ্জামান সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৪০ ঘ.
bdnews24