২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথায় ‘সতর্ক’ হোন, মুহিত-আতিউরকে ফজলে রাব্বি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও গর্ভনর আতিউর রহমানকে ‘সতর্কভাবে’ কথা বলার অনুরোধ জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির সাংসদ এ টি এম ফজলে রাব্বি মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও গর্ভনর আতিউর রহমানকে ‘সতর্কভাবে’ কথা বলার অনুরোধ জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির সাংসদ এ টি এম ফজলে রাব্বি মিয়া। বুধবার সংসদ অধিবেশনে তিনি বলেন, “[কেন্দ্রীয় ব্যাংকের] গভর্নর এবং অর্থমন্ত্রীর সতর্কভাবে কথা বলা উচিত। এটা [তাদের কথা] সরকারের ক্ষতি করছে।” রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে এ কথা বলেন এ সাংসদ। “পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সরকারের সহায়তা দেওয়া উচিত হবে না” মন্তব্য করে তিনি বলেন, “অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে যত কম কথা বলবেন তত ভালো হবে।” “আমি ব্যবসায় মুনাফা করলে সেটা সরকারের সঙ্গে ভাগাভাগি করব না। তাহলে ক্ষতি হলে সরকার ক্ষতিপূরণ দেবে কেন।” “পুঁজিবাজারে ধসে দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি” মন্তব্য করে ফজলে রাব্বি বলেন, “আমাদেরকে বড় মূল্য দিতে হবে।” ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ উদ্যোগে সরকার জোরাল প্রতিবাদ জানাতে না পারায় জনগণ হতাশ বলে মন্তব্য করেন ফজলে রাব্বি। ভারতের মনিপুর রাজ্যে ওই বাঁধা নিয়ে সরকার ও বিরোধী দলের জিজ্ঞাসার প্রেক্ষিতে ভারতের মনমোহন সিং ইতিমধ্যে বলেছেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু তারা করবেন না। পরিবেশগত কারণে মনিপুরেও ওই বাঁধ নির্মাণের বিরোধিতা রয়েছে। মুদ্রাস্ফীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়েও সরকারের সমালোচনা করেন জাতীয় পার্টির সাংসদ ফজলে রাব্বি। মহাজোট সরকার ‘সমস্যায় আছে’ মন্তব্য করে তিনি বলেন, “আমি আগে বলেছিলেন এ সরকার এখন ইনটেনসিভ কেয়ারে আছে। এখনও তাই বলছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২৩৩৯ ঘ.