ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চ মাসের মহাসমাবেশ সফল করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন খালেদার গুলশান কার্যালয়ে মঙ্গলবার রাতে এই বৈঠক হয়।
‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের’ অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।
ইতিমধ্যে খালেদা জিয়া সম্মিলিত পেশাজীবী পরিষদ, প্রকৌশলী, চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও ১২ মার্চের মহাসমাবেশ নিয়ে বৈঠক করেছেন।
মঙ্গলবারের বৈঠকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন, ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়াসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২১৪ ঘ.
bdnews24