২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে বিএনপির এক ওয়ার্ড নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে বিএনপির এক ওয়ার্ড নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মিরপুর ১৪ নম্বরর পুলিশ লাইনের পিছনে বালুর মাঠে এ ঘটনা ঘটে। রাকিবুল ইসলাম ওরফে মাওলানা রাকিব (৩৮) নামে ওই ব্যক্তি ৯৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি ছিলেন। তিনি বসবাস করতেন পশ্চিম বাসানটেকের ৪ নম্বর বস্তি এলাকায়। সেখানেই একটি মসজিদের ইমাম ছিলেন রাকিব। নিহত রাকিবের বাবার নাম সামাদ শেখ। তার গ্রামের বাড়ি খুলনার রূপসায়। কাফরুল থানা বিএনপির সভাপতি আলী আজগর মাতাব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বজনরা আমাকে বলেছে দোয়া করানোর কথা বলে রাকিবকে বাসা থেকে ফোনে ডেকে নেওয়া হয়েছিলো। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।” তিনি জানান, পথচারীরা এনায়েতের বালুর মাঠ থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাকিবকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাকিবের বুকের বাম পাশে একটি গুলির চিহ্ন রয়েছে। এদিকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের দাবি, বিএনপির ১২ মার্চের কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসএম/এএল/২১২৩ ঘ.