ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে গণমাধ্যমের উপর কোনো ধরনের সেন্সরশিপ আরোপ করা হয়নি- ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটকে (আইপিআই) এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইপিআইয়ের একটি প্রতিনিধিদল দেখা করতে এলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের গণমাধ্যম এখন পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সেন্সরশিপ আরোপ করা হয়নি।”
গণমাধ্যমগুলোর বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
আইপিআইয়ের নির্বাহী পরিচালক আলিসন বেথেল ম্যাকেঞ্জির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ইনস্টিটিউটের সিনিয়র প্রেস ফ্রিডম অ্যাডভাইজার বারবারা ত্রিওনফি ও নির্বাহী পরিষদের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ একথা জানান।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি জানান, “বর্তমান সরকার সাংবাদিকদের হয়রানিতে বিশ্বাস করে না। গত তিন বছরে সরকার কোনো সাংবাদিক বা সম্পাদকের বিরুদ্ধে একটিও মামলা করেনি।”
বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে ১৬ জন সাংবাদিক নিহত হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাদের অধিকাংশই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের স¤প্রচার নীতিমালা প্রণয়নের তথ্য জানিয়ে শেখ হাসিনা আইপিআই প্রতিনিধিদলকে বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত গ্রহণের পর এটি চূড়ান্ত করা হবে।
অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১০০ ঘ.
bdnews24