২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পৌঁছেছেন খালেদা

লালমনিরহাট যাওয়ার পথে রোববার রাতে স্বামীর জন্মস্থান বগুড়ায় পৌঁছেছেন বিএনপিপ্রধান খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

বগুড়া, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট যাওয়ার পথে রোববার রাতে স্বামীর জন্মস্থান বগুড়ায় পৌঁছেছেন বিএনপিপ্রধান খালেদা জিয়া। সেখানে তাকে সংবর্ধনা জানিয়েছে জেলার নতুন কমিটি। জেলার প্রবেশপথ চান্দাইকোনা থেকে সার্কিট হাউজ পর্যন্ত ৪০ কিলোমিটার হাজার হাজার নেতা-কর্মী সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়। নবগঠিত জেলা কমিটির এক নম্বর সম্মানিত সদস্য হিসেবে খালেদা জিয়াকে জেলা কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা জানানো হয়। গত ১২ জানুয়ারি সভাপতি পদে ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে ১৭২ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেয় বিএনপি। বিকাল সোয়া ৪টায় রাজধানীর গুলশানের বাসা থেকে বিরোধীদলীয় নেতা সড়কপথে বগুড়া রওনা হন। সোমবার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে জনসভায় বক্তব্য দেবেন তিনি। তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম সোমবার সকালে সড়কপথে বগুড়া থেকে লালমনিরহাট রওনা হবেন। সেখানে দুপুরে জেলা কালেক্টরেট মাঠে স্থানীয় বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ম্যাডাম।” গত ১৮ অক্টোবর সর্বশেষ খালেদা জিয়া চাঁপাই নবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ কর্মসূচির সময় যাত্রাপথে বগুড়া যান। লালমনিরহাটের কালেক্টরেট জনসভায় রংপুর অঞ্চলে মানুষের কাছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি তুলে ধরবেন খালেদা জিয়া। রোববার রাত সাড়ে ৮টায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউজে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, স্থানীয় সাংসদ হাফিজুর রহমান, আবদুল মমিন তালুকদার খোকা, মোস্তফা আলী মুকুল, জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ নেতারা শুভেচ্ছা জানান। খালেদা রোববার রাতে বগুড়া সার্কিট হাউজে থাকছেন। রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে শুরু করে সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চান্দাইকোনা, ফুড ভিলেজ, সোনকা বাজার, মির্জাপুর, শেরপুর, নয়মাইল, পল্লী উন্নয়ন একাডেমীর মোড়, আড়িয়া বাজার, শাহজাহানপুর, বনানী, শাপলা পাড়, জিরো পয়েন্ট প্র্রভৃতি স্থানে হাজার হাজার নেতা-কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়। খালেদা জিয়া পাজেরো জিপ থেকে হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/পিডি/২০৩২ ঘ.