ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমালোচনা বা অন্যের অনুভূতিতে আঘাত করে দেওয়া বক্তব্য দেশবাসী ভাল চোখে দেখে না উল্লেখ করে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।
রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টার সংলগ্ন খোলা জায়গায় ‘জাতীয় সংসদে শেখ সেলিমের ৩১ বছর’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, “আমি সংসদে থাকলে বিরোধী দলকে বেশি সময় কথা বলার সুযোগ দেই। গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ সব আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সংসদে কথা বলার সময় বিধি-বিধান ও সংসদীয় রীতি নীতি অনুসরণ করতে হবে।”
সংসদ সদস্যদের আরো সংযতভাবে বক্তব্য দেওয়া উচিৎ বলে মনে করেন স্পিকার।
কাউকে আহত করে এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সরকার দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শওকত আলী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, চিফ হুইফ আব্দুস শহীদ বক্তব্য রাখেন।
প্রকাশনা উৎসবে বইটির প্রকাশক মাধব চন্দ্র দাস ও বইটির সম্পাদক জাহিদুর রহমান খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৯০০ ঘ.
bdnews24