সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে জনসভার ঘোষণা দেওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কমকর্তা রবিউল ইসলাম জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।”
তিনি জানান, সাংবাদিক দম্পতি হত্যার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে স্থানীয় বিএনপি শনিবার দুপুর ২টায় নিমগাছি বাজারে সমাবেশ ডেকেছে। অন্যদিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগ একই সময় সেখানে সমাবশ করার ঘোষণা দিয়েছে।
এ কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছে উল্লেখ করে রবিউল ইসলাম জানান, মাইকের মাধ্যমে বিষয়টি ওই এলাকায় জানিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৪২০ ঘ.
bdnews24