ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের গত তিন বছরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরতে বিভিন্ন বিষয়ের ওপর ধারাবাহিক সেমিনারের আয়োজন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার থেকে এই সেমিনার শুরু হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ।
তিনি বলেন, সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, মন্ত্রী, একই মন্ত্রণালয়ে দায়িত্বপালনকারী সাবেক মন্ত্রী, সাংবাদিক, বুদ্ধিজীবী ছাড়াও মহাজোটের নেতারা এতে অংশ নেবেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সিরডাপ মিলনায়তনে ‘মহাজোট সরকারের ৩ বছর: শিক্ষাক্ষেত্রে সাফল্য ও অর্জন’ শিরোনামের সেমিনারের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
আগামী ২৫ ফেব্রুয়ারি ‘মহাজোট সরকারের ৩ বছর: ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন রূপায়ন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব’, ২৯ ফেব্রুয়ারি ‘মহাজোট সরকারের ৩ বছর: কৃষি খাতে অগ্রগতি এবং খাদ্য ও সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা’ শীর্ষক সেমিনার হবে।
আগামী ৩ মার্চ ‘মহাজোট সরকারের ৩ বছর: বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান ও সম্ভাবনা’, ১০ মার্চ ‘মহাজোট সরকারের ৩ বছর: স্বাস্থ্যসেবায় অগ্রগতি ও অর্জন’ ও ১৩ মার্চ ‘মহাজোট সরকারের ৩ বছর: পরিবেশ বিপর্যয় মোকাবিলা, সাফল্য ও ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
এছাড়া ২০ মার্চ ‘মহাজোট সরকারের ৩ বছর: সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ ও অর্জন’, ২৩ মার্চ ‘মহাজোট সরকারের ৩ বছর: যুদ্ধাপরাধীদের বিচার ও আইনের শাসন’, ২৯ মার্চ ‘মহাজোট সরকারের ৩ বছর: গণমাধ্যম ও তথ্য অধিকার’ এবং ৩১ মার্চ ‘মহাজোট সরকারের ৩ বছর: আর্থ সামাজিক সঙ্কট, মন্দা মোকাবিলা, জাতীয় উন্নয়ন ও আগামী দিনের চ্যালেঞ্জসমুহ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/এএইচ/০১৩২ ঘ.
bdnews24