২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক সমাজকে রাজনীতিতে ডাকলেন খালেদা

রাজনীতিবিদরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে- গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসের এই বক্তব্যের পর সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার পাল্টা বক্তব্য- নিরাপদ দূরত্বে থেকে রাজনীতির সমালোচনা কিংবা বিরোধিতা করা খুবই সহজ, রাজনীতিকে বদলাতে হলে আরো কঠিন পথে আসুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপদ দূরত্বে থেকে রাজনীতিকদের সমালোচনা না করে রাজনীতিকে ‘বদলানোর’ ‘কঠিন পথে’ নামতে নাগরিক সমাজকে পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সোমবার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতা ও প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। শনিবার এর উদ্বোধনী অনুষ্ঠানেই নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বলেছিলেন, দেশের রাজনৈতিক নেতাদের ওপর দেশের মানুষ সন্তুষ্ট নয়। তাই গড়ে তুলতে হবে বিকল্প রাজনৈতিক ধারা। তার এই বক্তব্যে সমর্থন জানান গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং এক সময়ে চীনপন্থী কমিউনিস্ট হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করা হলেও তিনি তাতে যাননি। আয়োজকরা জানান, ব্র্যাক প্রধান ফজলে হাসান আবেদ অসুস্থতার জন্য উপস্থিত না থাকলেও তার লিখিত বক্তব্য পাঠ করা হয়। বিএনপি চেয়ারপারসন বলেন, “নিরাপদ দূরত্বে থেকে রাজনীতির সমালোচনা কিংবা বিরোধিতা করা খুবই সহজ। আপনারা রাজনীতিকে বদলাবার এবং রাজনীতিকে সুন্দর করার আরো কঠিন পথে আসুন। তাহলেই দেশের জন্য সত্যিকারের ভালো কাজ করা হবে।” সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক দল গড়তে চেয়ে ব্যর্থ ইউনূস এবার বিকল্প রাজনীতির কথা বললেন। এর আগে দেশে নাগরিক সমাজের একাংশ নিয়ে নাগরিক আন্দোলন নামে গঠন হয়েছে একটি সংগঠন ব্যারিস্টার রফিক উল হক ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে। তারা রাজনীতিকে ‘পরিশুদ্ধ’ করার কথা বলেছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার আগ্রহ প্রকাশ করেছেন। নাগরিক সমাজের সমালোচনার জবাবে খালেদা বলেন, “সব রাজনীতিবিদকে এক কাতারে দাঁড় করালে সবার প্রতি সুবিচার করা হবে না। রাজনীতিবিদরা কে কী করেছেন, ইতিহাস তার সাক্ষী। বাংলাদেশের সব ভালো-মন্দের মধ্যে আছে রাজনীতিবিদদের কীর্তি ও অপকীর্তি।” রাজনীতিতে ভালো মানুষদের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “মেধাবী, সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক মানুষরা যদি রাজনীতিবিমুখ না হয়ে এই রাজনীতিতে আসেন, তাহলে রাজনীতি আরো শুদ্ধ হবে।” তিন দিনের এই অনুষ্ঠানের প্রথম দিন শনিবার ‘স্বাধীনতার ৪০ বছরের অর্জন চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক অধিবেশনে নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠানে ‘সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ: রাষ্ট্রের করণীয়, রাজনীতিবিদদের দায়িত্ব, উন্নয়নকর্মীদের ভূমিকা ও জনগণের প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা। খালেদা জিয়া বিকাল ৩টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটি সমন্বয়ক আলতাফুন্নেসা মায়া ও সন্ধ্যা রায়। এরপর গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে গণপাঠশালার শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম নেন খালেদা। আগের ভুল-ত্র“টি স্বীকার করে খালেদা জিয়া আগামীতে সরকারে গেলে কী কী করবেন, তাও তুলে ধরেন। তিনি বলেন, “আমরা যোগ্য লোকদের উপযুক্ত মূল্যায়ন করে দেশের কাজের লাগাব। সুশাসন ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। গণমাধ্যম ও বিচার বিভাগকে সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেব। জনপ্রশাসনে বিকেন্দ্রীকরণ করব।” “বর্তমান সরকারের মতো দেশ ও গণবিরোধী ভূমিকা পালন করব না। আমরা কখনো তাদের অনুসরণ করব না। আমরা প্রতিশোধ ও প্রতিহিংসা চরিতার্থ করব না,” অঙ্গীকার করেন খালেদা। সরকারের কর্মসূচি ও পরিকল্পনা প্রণয়নে বিশিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করার কথা বলেন তিনি। বর্তমান সরকারের সমলোচনা করে খালেদা বলেন, “আজ দেশের স্বার্থ অরক্ষিত, জনগণের স্বার্থ বিপন্ন।” সরকার নতজানু পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। তত্ত্বাবধায়ক পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের বিপরীত অবস্থানের মধ্যে বিরোধীদলীয় নেতা বলেন, “জনগণের রায়ের প্রতিফলনের ভিত্তিতে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পথে সরকার বদলের রুদ্ধ দুয়ার খোলার জন্য আজ প্রয়োজন সম্মিলিত জাতীয় অভিযাত্রা। তাহলেই দেশের দুর্যোগ, দুর্বিপাক ও দুঃসময় কেটে যাবে।” খালেদা জিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি সাদেক খানের সভাপতিত্ব্ে অনুষ্ঠানে এর আগে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পরিচালক ও নাগরিক আন্দোলনের সদস্য শাহদীন মালিক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন, নারী আন্দোলনের সংগঠক সালমা খান ও গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক আলতাফুন্নেসা মায়া প্রমুখ। শাহদীন মালিক খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “আমি দুই দলকেই অনুরোধ করবো আপনারা নির্বাচনে সৎ, দক্ষ ও যোগ্য লোকদের মনোনয়ন দিন। না হলে জনগণ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নতুন ধারা সৃষ্টি করবে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা পৌরসভা নির্বাচনই তার বড় উদাহরণ।” সমাপনী অনুষ্ঠানে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, সাবেক হাইকমিশনার সাবিহউদ্দিন আহমেদসহ গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২১ জন নারী মুক্তিযোদ্ধাও অংশ নেন। তারা হলেন- হাসিনা বেগম, করিমন বেগম, আছিয়া বেগম, আসিয়া বেগম, হামিদা বেগম, নুর জাহান বেগম, মাহেলা বেগম, রহিমা বেগম, হাজেরা বেগম, জয়গুন বেগম, রাজু বালা, সামিনা বেগম, জ্যোৎøা বেগম, বাহাতন বেগম, আয়শা বেগম, সুরাইয়া বেগম, কমলা বেগম, রাহেলা বেগম, সূর্য বেগম, আয়মনা বেগম ও সামসুন্নাহার বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৩০ ঘ.