লক্ষ্মীপুর, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারী গ্রেপ্তার না হওয়ার পেছনে সরকারের ‘মতলব’ আছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া।
শনিবার বিকালে লক্ষ্মীপুরে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভ করে বলেছিলেন, ৪৮ ঘণ্টায় খুনিরা গ্রেপ্তার হবে। কিন্তু খুনিদের গ্রেপ্তারের ক্ষমতা এই সরকারের নেই।”
“কোন মতলবে খুনিদের গ্রেপ্তারের কথা বলেছিলো, এখন কেন খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না- তা আজ প্রশ্ন হয়ে আছে।’’
গত ২৯ ফেব্রুয়ারি বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে নিহত দুই ব্যক্তির স্মরণে জেলা সদরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা আয়োজন করে স্থানীয় বিএনপি।
গত ১০ ফেব্র“য়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
তাদের লাশ উদ্ধারের দিন (১১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে খুনীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।”
তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
প্রধানমন্ত্রী এ মামলার বিষয়টি তদারক করছেন জানিয়ে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মামলা ‘ধামাচাপা’ পড়ার কোনো কারণ নেই।
জনসভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, “এই সরকার খুনি সরকার। তারা তিন বছরে ১২ হাজার মানুষ হত্যা করেছে।”
“সারা দেশে ১৪ জন সাংবাদিক হত্যা হয়েছে। কোনো খুনী গ্রেপ্তার হয়নি।”
তিনি বলেন, “আওয়ামী লীগ আমলেই খুন ও গুম-হত্যা হয়। ১৯৭২ ও ৭৫ সালে সাংবাদিক নির্মল সেন কলাম লিখেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারিন্টি চাই। এবারও তিনি তা লিখেছেন।”
সাংবাদিক দম্পতির খুনি গ্রেপ্তারের দাবিতে সর্বশেষ সরকারকে চার দিন সময় বেঁধে দিয়েছে সাংবিদকরা। একই দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি সারাদেশে সমাবেশ করবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২১০২ ঘ.
bdnews24