ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ঢাকা চল’ কর্মসূচিকে কেন্দ্র করে মন্ত্রীদের কথা উস্কানিমূলক বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রিজভী আহমেদ বলেন, “১২ মার্চে ঢাকার মহাসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। একে সফল করতে প্রশাসন ও পুলিশের যেখানে সহযোগিতা করার কথা, সেখানে সরকারের মন্ত্রীরা ‘মহাসমাবেশ করতে দেওয়া হবে না’, ‘দখল করে নেব’ ইত্যাদি বক্তব্য দিয়ে উস্কানি দিচ্ছেন।”
১২ মার্চ সারাদেশ থেকে বিএনপি নেতা-কর্মী-সমর্থকরা ঢাকায় আসবেন। আওয়ামী লীগ নেতারা এর পাল্টা কর্মসূচি দেওয়ার কথা বলে আসছেন।
সরকারকে এই ধরনের মানসিকতা ত্যাগ করার আহ্বান জানান রিজভী।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমাবেশের প্রস্তুতির কথাও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপির এই কর্মসূচি।
রিজভী বলেন, কেন্দ্রীয় নেতারা সব জেলা সফর করে ‘ঢাকা চল’ কর্মসূচির গুরুত্ব জনগণের কাছে তুলে ধরছেন। এজন্য গঠিত ৪৫টি কমিটি কাজ করছে।
সমাবেশের পোস্টার ও প্রচারপত্র সারাদেশে বিলি করা হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, শিরিন সুলতানা, আসাদুল করিম শাহিন, আবদুল আউয়াল খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১০ ঘ.
bdnews24