২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৯০ পরবর্তী ১৫ বছরই স্বর্ণযুগ: মওদুদ’

দুই দুই জন সামরিক শাসকের সহযোগী মওদুদ আহমেদের ভাষ্য, দেশে উন্নয়ন কার্যক্রম গতিশীল ছিল গণতান্ত্রিক সরকারের শাসনামলেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 11:33 AM

Updated : 25 Apr 2022, 09:03 PM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক শাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সহযোগী মওদুদ আহমেদ বলেছেন, নব্বই পরবর্তী ১৫ বছর ছিলো গণতন্ত্রের জন্য স্বর্ণযুগ।

শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নিজের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‘বাংলাদেশ : এ স্টাডি অব দ্য ডেমোক্রেটিক রেজিমস’ নামে বইটি ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হয়ে কারাগারে বসে লিখেছিলেন ব্যারিস্টার মওদুদ।

তিনি বলেন, “আমি মনে করি, ১৯৯০ থেকে ১৫টি বছর দেশে গণতন্ত্রের স্বর্ণযুগ ছিল। এ সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। সুশাসনও ছিল। শিক্ষা ও স্বাস্থ্যখাতে সর্বাধিক অর্জন সাধিত হয়েছে।”

গণআন্দোলনের মুখে এরশাদ সরকারের পতনের সময় ওই সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন মওদুদ। এরপর নির্বাচনে বিএনপি ক্ষমতায় যায়। তার পাঁচ বছর পর ক্ষমতায় যায় আওয়ামী লীগ। এরপর পুনরায় ক্ষমতায় যায় বিএনপি।

অবশ্য এই ১৫ বছরের মধ্যে বিএনপি শাসনামলেই বেশি অগ্রগতি হয়েছে বলে দাবি করে খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী মওদুদ বলেন, “আওয়ামী লীগের সময়ে উন্নয়ন হয়েছে তুলনামূলকভাবে কম।”

এক সময়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মওদুদ ১৯৭৭-৭৯ সালে জিয়া সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। ’৭৯ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়।

জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের এক বছরের মাথায় ’৮২ সালে রাষ্ট্রক্ষমতা নেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। তার সরকারের মন্ত্রী হন মওদুদ। ’৮৬ এর নির্বাচনে মওদুদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি করা হয়।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। এরপর ’৯১ সালে জাতীয় পার্টির মনোনয়নে মওদুদ সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগ দেন।

চারদলীয় জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ বলেন, “১/১১ এর মাধ্যমে দেশকে মইনুদ্দিন (মইন উ আহমেদ)-ফখরুদ্দীনের অবৈধ সরকার দেশকে ৪০ বছর পিছিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রকে ধ্বংসই করেনি, গণতন্ত্রের ওপর কালিমা লেপন করেছে।”

আওয়ামী লীগের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “এই দলটিকে অবমূল্যায়ন করা যাবে না। তার শক্তিকে আমলে এনে আমাদের এগোতে হবে।”

ইউনির্ভাসিটির প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশিত ৪৯১ পৃষ্ঠার এই বইটির দাম রাখা হয়েছে ৮৫০ টাকা। এটি মওদুদের লেখা পঞ্চম বই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, অধ্যাপক মাহবুবউল্লাহ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, নিউ এইজ সম্পাদক নুরুল কবির, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্রকাশক মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৭৩২ ঘ.