২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদের কথায় ‘বিব্রত’ নাসিম

মন্ত্রীদের মধ্যে সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের মধ্যে সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মন্ত্রীদের সমন্বয়হীনতা অন্যদের কথা বলার সুযোগ করে দিচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।” “আপনারা একমত হয়ে কথা বলুন, নইলে কথা বলবেন না। বিব্রত করবেন না আমাদের,” মন্ত্রীদের উদ্দেশে বলেন সাবেক মন্ত্রী নাসিম। পদ্মা সেতু প্রকল্প নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই রকম বক্তব্য নিয়ে বিরোধী দলও সমালোচনা করে আসছে। মন্ত্রীদের উদ্দেশে নাসিমের পরামর্শ- “নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নিন, বাইরে কী বলবেন। আপনাদের অবশ্যই এটা করতে হবে। এভাবে কথা বললে প্রধানমন্ত্রীর অনেক সাফল্য ম্লান হয়ে যায়।” বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের ‘বেশি বেশি’ করে বলায় উল্টো বিরোধী দলের প্রচার হয়ে যাচ্ছে বলে মনে করেন ক্ষমতাসীন দলের এই নেতা। বিএনপির ১২ মার্চের মহাসমাবেশকে কর্মসূচিতে কঠোর নজরদারি রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ওই দিন যেন বিএনপি অরাজকতা সৃষ্টি করতে না পারে।” ঠিকানা বাংলাদেশ নামে একটি সংগঠনের আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসিম। সংগঠনের সভানেত্রী রুবি হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উল্লাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬১৬ ঘ.