২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা: খোকা

ঢাকায় বিএনপির সমাবেশের আগে দুর্নীতি দমন কমিশনের মামলা দায়ের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 09:50 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিএনপির সমাবেশের আগে দুর্নীতি দমন কমিশনের মামলা দায়ের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাদেক হোসেন খোকা। মামলার পরদিন বৃহস্পতিবার সাদেক হোসেন খোকা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘“১২ মার্চের ঢাকা চলো কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে ধূম্রজাল সৃষ্টি করতে এই মামলাটি দায়ের করা হয়েছে। এটি মহানগর বিএনপি ও আমার ভাবমূর্তি বিনষ্ট করার সরকারের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।” ঢাকার সাবেক মেয়র খোকার বিরুদ্ধে বুধবার দুর্নীতির একটি মামলা হয়। ওই মামলায় খোকাসহ চার জনের বিরুদ্ধে ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলাটি ভিত্তিহীন দাবি করে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সহসভাপতি খোকা। আইনি লড়াই চালাবেন বলেও জানিয়েছেন তিনি। যে বিষয় নিয়ে মামলা, সে বিষয়ের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ২০০২ সালে ডিসিসি বনানী সুপার মার্কেটের বেজমেন্টে কার পার্কিংয়ের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগে এটি কখনো ইজারা দেওয়া হয়নি। “এই ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দোকান মালিক সমিতি আবেদন জানালে আড়াইশ’ দোকানের সুবিধার কথা বিবেচনায় এনে তা আর কার্যকর করা হয়নি। তাই এখানে ইজারা দিয়ে তা বাতিল করার ঘটনা ঘটেনি। ফলে অর্থ আত্মসাতের কোনো সুযোগও হয়নি,” বলেন খোকা। দুর্নীতির এই মামলায় ওই বিপণি বিতানের দোকান মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদককেও আসামি করা হয়েছে। ‘বৃহত্তম সমাবেশ হবে’ ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা বলেন, “সরকারের কোনো কোনো মন্ত্রীদের ঢাকা দখল ও হুমকি দেওয়ার পরও ১২ মার্চ এ যাবৎকালে বৃহত্তম সমাবেশ হবে। ঢাকা ছাড়াও সারা দেশ থেকে এই মহাসমাবেশে মানুষ আসবে।” “আমরা সরকারকে বলতে চাই- মহাসমাবেশটি হবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। তাই এতে বাধা দেওয়ার চেষ্টা চালানো থেকে বিরত থাকুন,” বলেন তিনি। খোকা জানান, মহাসমাবেশ করতে রাজধানীর একাধিক স্থান চেয়ে আবেদন জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এখন তারা জবাবের অপেক্ষায় রয়েছেন। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, আবদুল আলীম নকি, আলী আজগর মাতবর, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাবেক ছাত্র নেতা এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৭ ঘ.