২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারে সমন্বয়হীনতা দেখছেন ফখরুল

পদ্মা সেতু প্রকল্প নিয়ে সরকারের কাজে সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প নিয়ে সরকারের কাজে সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক্ষেত্রে মালয়শিয়ার বিনিয়োগ নিয়ে অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীর দুই ধরনের কথাকে যুক্তি হিসেবে তুলে ধরেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বুধবার দলের এক অনুষ্ঠানে বলেন, “অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতুতে মালয়শিয়া অর্থায়ন করছে কি না, এ বিষয়ে চুক্তি সই হবে কি না- তিনি কিছুই জানেন না। অন্যদিকে যোগাযোগমন্ত্রী বলেছেন, মালয়শিয়া অর্থায়ন করবে, ২১ ফেব্র“য়ারি সমঝোতা চুক্তি সই হবে। “এ থেকে বোঝা যায়, সরকারের ভেতরে কোনো সমন্বয় নেই। এক মন্ত্রী একেক রকম কথা বলেন,” বলেন তিনি। মালয়শিয়ার বিশেষ দূত এইচ ই দাতো সেরি এস সামি ভেলুর সফরের পর দেশটির সরকারি সংবাদ সংস্থা বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্পে বিনিয়োগের বিষয়ে ২১ ফেব্র“য়ারি সমঝোতা স্মারক সই হবে বলে জানায়। বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতে আটকে যাওয়া এই প্রকল্পের বিষয়ে এরপর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের অন্তত দুটি অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হবে ২১ ফেব্র“য়ারি। এর মধ্যে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পদ্মা প্রকল্পের অর্থায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থমন্ত্রীর বক্তব্যের পরদিন কাদের তার আগের অবস্থান পাল্টে সাংবাদিকদের বলেন, “এক মাসের মধ্যে পদ্মা সেতুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।” মালয়শিয়ার সঙ্গে ২১ ফেব্র“য়ারি সমঝোতা স্মারকের কী হল- জানতে চাইলে তিনি বলেন, ওটা মালয়শিয়ার আগ্রহ ছিল। “আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, হতে পারে। কোনো সুনির্দিষ্ট তারিখ বলা হয়নি,” বলেন কাদের। পদ্মা প্রকল্পে মালয়শিয়া অর্থায়ন করলে তার উৎস প্রকাশের দাবি জানান বিএনপি নেতা ফখরুল। তিনি বলেন, “মালয়শিয়ার বিশাল পরিমাণ অর্থ কোত্থেকে আসবে, তা দেশবাসীকে জানাতে হবে। মালয়শিয়ার কোম্পানি দুবাই থেকে অর্থ সংগ্রহ করবে। বাংলাদেশের পুঁজিবাজারের লুণ্ঠিত হাজার হাজার কোটি টাকা দুবাই থেকে ঘুরে আবার এখানে আসছে কি না, তা দেশের মানুষ জানতে চায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৮ ঘ.