ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ১২ মার্চের কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দিয়ে সহযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার নজির স্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুুধবার এক অনুষ্ঠানে তিনি সরকারের উদ্দেশে বলেন, “১২ মার্চ আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। এর মাধ্যমে দেশের মানুষের কাছে আমরা আমাদের দাবি তুলে ধরব। দয়া করে এতে বাধা দেবেন না, সহযোগিতা করুন।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপি ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করছে, যাতে সারাদেশ থেকে নেতা-কর্মীরা আসবে।
মার্চজুড়ে আওয়ামী লীগ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় বিএনপি বলছে, তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করতে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে।
এই নিয়ে দুই দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সরকারের কাছে সহযোগিতা প্রত্যাশা করলেন। নয়া পল্টনের একটি রেস্তোরাঁয় বিএনপির রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালায় বক্তব্য দিচ্ছেলেন তিনি।
বিশ্ব রাজনীতি ও বাংলাদেশ, গণতন্ত্র-সরকার-বর্তমান রাজনীতি, জিয়াউর রহমানের জীবনালখ্য, দলের গঠনতন্ত্র ও মূলনীতি এবং সংবিধানের আনীত সংশোধন সস্পর্কিত ৫টি বিষয়ের ওপর দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন কর্মশালায় বক্তব্য দিচ্ছেন।
কর্মশালায় ২১ জেলার ৬৩ জন প্রতিনিধি অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের বিকালে ১০০ নম্বরের একটি পরীক্ষায় অংশ নিতে হবে।
রাজনৈতিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে ফখরুল বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে অবশ্যই আমাদের জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। এজন্য প্রশিক্ষণের বিকল্প নেই।’’
এই ধরনের প্রশিক্ষণ জিয়াউর রহমানের সময়ে ছিল জানিয়ে তিনি বলেন, “রাষ্ট্রপতি জিয়া তার মন্ত্রিসভার সবাইকে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিলেন। ওই সময়ে মন্ত্রিসভার সদস্যদেরও পরীক্ষা দিতে হয়েছে। তখন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান রাজনৈতিক প্রশিক্ষণের একটি পরীক্ষায় ফেল করেছিলেন।”
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি নেতা বলেন, “বর্তমান সরকারের কারণে দেশে সঙ্কট সৃষ্টি হয়েছে। আমাদের সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার তা বন্ধ হচ্ছে না।”
সংবিধান সংশোধন এবং বিরোধী দলের ওপর দমন-পীড়নেরও সমালোচনা করেন তিনি।
কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০৩ ঘ.
bdnews24