চাঁদপুর, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর মেয়রের ওপর হামলার প্রতিবাদে নাগরিক কমিটির ডাকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে শান্তিপূর্ণ পরিবেশে আধাবেলা হরতাল পালিত হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল দুপুর ২টা পর্যন্ত চলে।
হরতালে উপজেলা সদরের সব দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংকসহ অন্যান্য অফিস-আদালতও বন্ধ ছিলো। সকাল থেকে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে বন্ধ ছিলো যান চলাচল। এ ছাড়া হরতালের সমর্থনে দফায় দফায় মিছিল হয়েছে।
মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মঞ্জিল হোসেনের ওপর হামলার প্রতিবাদে পৌর নাগরিক কমিটি মঙ্গলবার হরতালের কর্মসূচি দেয়।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালিত হয়েছে। উপজেলা সদরে পুলিশ সতর্ক অবস্থায় ছিলো।
গত রোববার খালেদা জিয়ার চাঁদপুর সফরকে কেন্দ্র করে ফরিদগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় পৌর মেয়র মঞ্জিল গুরুতর আহত হন। তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদসহ ৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন মঞ্জিলের ভাই আ. রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এএল/১৪৩৬ ঘ.
bdnews24